সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্রকল্প কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরালের পরিবর্তে ফোয়ারা নির্মাণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, এ বিষয়ে কয়েক দিন আগে একটি অনলাইন সংবাদমাধ্যমে ভুলভাবে খবর প্রকাশিত হয়েছে। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েই সরকার কাজ করছে।
বর্তমান নকশায় পরিবর্তন আনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে এখনো কাজ চলছে। ভবিষ্যতে কী করা হবে, তা তখনই স্পষ্ট হবে।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে আহমেদ আযম খান বলেন, বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌজন্য বিনিময় হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
কেকে/সাশ