রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে ২/এ নম্বর বাসা থেকে তাকে হেফাজতে নেয়।
গ্রেপ্তার মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তিনি মেজর জেনারেল পদ থেকে অবসর নিয়েছেন। তার বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা রাজধানীর খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের দ্বিতীয় গলিতে। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএস এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় মহিউদ্দিন চৌধুরী অন্যতম আসামি।
ওই ঘটনায় মূলত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনার পর মামলার তদন্তে নেমে ডিবি পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
এর আগে একই মামলায় মিজানুর রহমান (৫৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি। নিউগিনি প্রপার্টিজের ওই হামলার ঘটনায় তার বিরুদ্ধেও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
কেকে/সাশ