অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সেপ্টেম্বরের নির্ধারিত দামেই পুরো অক্টোবরজুড়ে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বিজ্ঞপ্তিতে অক্টোবরের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে। এতে আগের মূল্যহার বহাল রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে পুরো অক্টোবর মাস এ দাম কার্যকর থাকবে।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্য সেটিই অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বাড়ায় ২০ সেপ্টেম্বর দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়।
সে সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, মার্চ ২০২৬ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগস্ট পর্যন্ত এ পরিস্থিতির প্রভাব অব্যাহত ছিল।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট ২০২৬—এ ছয় মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে গিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় এর আগে দেশের বাজারে সে অনুযায়ী দাম বাড়ানো হয়নি। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং জ্বালানি তেল পাচার ঠেকাতে মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তা তৈরি হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
কেকে/এআই