ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি।
বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফজলে রাব্বির বন্ধু তামিম বলেন, “গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।”
শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
এক শোকবার্তায় তিনি বলেন, “ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ফজলে রাব্বির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ব্যবসায় প্রশাসন অনুষদসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ তৈরি হয়েছে। সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।
তার জুনিয়র ব্যাচের শিক্ষার্থী আশিক বলেন, “আজ কম্বাইন্ড গ্র্যাজুয়েশন সিরিমনির মাধ্যমে তাদের ব্যাচকে বিদায় জানানোর কথা ছিল। অথচ তিনি আমাদের সবাইকে বিদায় দিয়ে চলে গেলেন।”
ফজলে রাব্বির মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
কেকে/সাশ