দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার ও ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগ অংশ নেবে।
সামিটের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের কার্যক্রম পর্যালোচনায় রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।
সভায় জানানো হয়, সামিটে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রদর্শনী স্টল থাকবে। এসব স্টলে উদ্যোক্তারা তাদের উদ্ভাবিত প্রযুক্তি, পণ্য, সেবা ও বাস্তবভিত্তিক সমাধান তুলে ধরবেন। এর মাধ্যমে এআই প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গে সম্ভাব্য বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের যোগাযোগের সুযোগ তৈরি হবে।
সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
আলোচনায় এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
প্রস্তুতিমূলক সভায় সামিটের সফল আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপকমিটি ও অংশীজনদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রদর্শনী ও আলোচনা অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফসিসি) হল অব ফেমে সামিটের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপিসহ ডিসিসিআইয়ের সভাপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আয়োজকদের আশা, এ সামিটের মাধ্যমে দেশের এআইভিত্তিক উদ্ভাবন ও উদ্যোক্তাদের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যবসার প্রসার এবং সরকারি-বেসরকারি খাতের সহযোগিতা জোরদার হবে।
কেকে/সাশ