সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৪ জন।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৬ জন, চট্টগ্রামে ২৮৬ জন, সিলেটে ১৮৬ জন, খুলনায় ১০৮ জন, বরিশালে ১০৭ জন, ময়মনসিংহে ১০৭ জন, রংপুরে ৪০ জন এবং রাজশাহী বিভাগে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭২৩ জন।
কেকে/ এমএস