নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। তবে বাংলাদেশে এ রোগে আক্রান্ত অনেক মানুষই এখনো প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। রোগ শনাক্তকরণ, চিকিৎসাসেবা ও ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। এসব বাধা দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম এগিয়ে নিতে অসংক্রামক রোগ খাতে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপের অবস্থান শীর্ষে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৫ সালের প্রতিবেদন বলছে, বাংলাদেশে ৩০ থেকে ৭৯ বছর বয়সী উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকই জানেন না যে তাঁদের এ রোগ রয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা গ্রহণের হার ৩৯ শতাংশ এবং মাত্র ১৬ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। এ রোগের সঙ্গে হৃদ্রোগজনিত মৃত্যুর সম্পর্কও উল্লেখযোগ্য।
ডব্লিউএইচওর তথ্যনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে হৃদ্রোগে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৫২ শতাংশের সঙ্গে উচ্চ রক্তচাপ জড়িত।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রক্তচাপ পরীক্ষা, দ্রুত রোগ শনাক্তকরণ ও দীর্ঘমেয়াদি চিকিৎসার সুযোগ থাকা প্রয়োজন। প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে এসব সেবা নিশ্চিত করতে দেশে ৪৪৬টি এনসিডি কর্নার চালু রয়েছে। এর মধ্যে ৪১৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩০টি সদর হাসপাতালে। কিন্তু অর্থায়নের অভাবে কমিউনিটি ক্লিনিক ও এনসিডি কর্নারগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে অনেক স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যা সমাধানে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার, যা একটি ইতিবাচক পদক্ষেপ। এ খাতে বরাদ্দ জিডিপির ১.০১ শতাংশে দাঁড়িয়েছে, আগের অর্থবছরে যা ছিল ০.৫৮ শতাংশ। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের অংশও ৫.৩ শতাংশ থেকে বেড়ে ৭.৪ শতাংশ হয়েছে। তবে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি সত্ত্বেও অসংক্রামক রোগের প্রকোপ ও মৃত্যুহারের তুলনায় এ খাতে অর্থায়ন এখনো অপ্রতুল। দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে হলেও স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ এ খাতে ব্যয় করা হয়।
স্বাস্থ্যসেবা ব্যয়ের বড় অংশ রোগীদের নিজেদের বহন করতে হচ্ছে। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭৯.৩ শতাংশ ব্যক্তির নিজস্ব অর্থ থেকে এসেছে। দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা ও নিয়মিত ওষুধ কেনার খরচ রোগী এবং তাদের পরিবারের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।
স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ার সুফল পেতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থায়ন বাড়ানো জরুরি। বিশেষ করে উচ্চ রক্তচাপ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বর্ধিত বাজেটের যথাযথ ব্যবহার প্রয়োজন।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রোগীদের নিয়মিত চিকিৎসার আওতায় রাখা এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যায়ে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করতে হবে। এতে উচ্চ রক্তচাপজনিত অসংক্রামক রোগের ঝুঁকি কমানো যাবে।”
গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো সরকারের ইতিবাচক উদ্যোগ। বর্ধিত বরাদ্দ উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা প্রয়োজন। বিশেষ করে তৃণমূল পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত পাওয়া গেলে রোগীদের চিকিৎসা অব্যাহত রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।”
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা গেলে হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ অর্থের যথাযথ বণ্টন ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি। তৃণমূল পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসাসেবা ও ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন, রোগীদের চিকিৎসা ব্যয় কমানো ও প্রতিরোধযোগ্য মৃত্যু হ্রাস করা সম্ভব।
কেকে/এমএ