শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      
স্বাস্থ্য
নতুন তিন সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। প্রাথমিকভাবে প্রতিটি কলেজে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রকাশিত হালনাগাদ আসনসংখ্যার তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর চূড়ান্ত আসনসংখ্যা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়।

এর পূর্বে গত ১৬ নভেম্বর ভর্তি নীতিমালা হালনাগাদবিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দুইটি কলেজেও ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ :

রাজধানীর ফুলবাড়িয়ায় ৫০০ শয্যার সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হচ্ছে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কলেজটি প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।

গেল ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এতে স্বাক্ষর করেন।

প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য হাসপাতাল ভবনের দুইটি তলা শিক্ষা কার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।

সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। হাসপাতালটিকে কেন্দ্র করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে বিদ্যমান চিকিৎসা অবকাঠামোকে শিক্ষা ও প্রশিক্ষণের কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

বগুড়ার মেডিকেল কলেজে আসন বাড়ল :

এদিকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আসন পুনর্নির্ধারণের অংশ হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসনসংখ্যা ২০০ থেকে বাড়িয়ে ২২০ করা হয়েছে। গেল ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসনসংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে। দুইটি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন :

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্যানুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে মোট ১০৮টি। এর মধ্যে সরকারি ৪০টি ও বেসরকারি ৬৮টি। এর বাইরে আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি পরিচালিত মেডিকেল কলেজ রয়েছে সাতটি।

বুধবারের (২৫ নভেম্বর) আসন পুনর্বিন্যাসের হিসাব অনুযায়ী, নতুন তিনটিসহ দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৫ হাজার ২৭০টি। অন্যদিকে, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২১টি।

ডেন্টাল শিক্ষায় সরকারি ৯টি ডেন্টাল কলেজে আসন রয়েছে ৫৪৫টি। বেসরকারি ২৫টি ডেন্টাল কলেজে আসনসংখ্যা ১ হাজার ৩৬০টি।

অন্যদিকে, সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজ-বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। চলতি বছর বগুড়া ও কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসন দাঁড়িয়েছে ২৭০টি।

এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি ও চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নতুন সরকারি মেডিকেল কলেজ   ভর্তি হওয়া   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close