যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় আর কখনোই ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
বুধবার (১১ নভেম্বর) আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গালিবাফ জানান, আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই জলপথের ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।
হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমার ধারণা এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন সনদের প্রয়োগ নিয়েও প্রশ্ন তোলেন ইরানের এই শীর্ষ আলোচক। তার দাবি, প্রণালিটির দুই উপকূলবর্তী দেশ ইরান ও ওমানের আইন অনুযায়ী সেখানকার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হবে।
শান্তি আলোচনায় ইরানের সাত শর্ত
গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। শান্তি আলোচনার জন্য সাতটি শর্তও তুলে ধরা হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা।
গালিবাফের দাবি, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেই এসব দাবি অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পূর্বসম্মত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে এবং অতিরিক্ত দাবি কিংবা অবিশ্বাস তৈরির মতো আচরণ না করলে সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে দুই দেশের মধ্যে আস্থার সংকটই চুক্তির পথে প্রধান বাধা।
নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রের পরাজয়ের হুঁশিয়ারি
সাক্ষাৎকারে গালিবাফ আরও দাবি করেন, মস্কো সফরের সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন।
ইরানের ওপর নতুন করে মার্কিন হামলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেস থেকেও তাকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে।
গালিবাফ বলেন, ইরান আর যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত পরিস্থিতিতে থাকতে চায় না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে দেশটি সামরিক সক্ষমতাসহ দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা গড়ে তোলার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।
ইয়েমেন সংঘাতে হস্তক্ষেপ না করার আহ্বান
ইয়েমেনে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত নিয়েও কথা বলেন ইরানের পার্লামেন্ট স্পিকার।
তিনি বলেন, ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতে বাইরের কারও হস্তক্ষেপ করা উচিত নয়। তবে ইয়েমেনের সরকার ও সৌদি আরব উভয় পক্ষ ইরানের সহযোগিতা চাইলে বিরোধ নিষ্পত্তিতে তেহরান সহায়তা করতে প্রস্তুত।
এর আগে গত অক্টোবরে সৌদি আরবে কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনার পর সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে আলোচনার আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইরান।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন গালিবাফ।
সূত্র: আল জাজিরা
কেকে/সাশ