মৌলভীবাজার শহরের বুক চিরে বয়ে চলা মনু নদীর তীরঘেঁষে গড়ে ওঠা শান্তিবাগ ওয়াকওয়ে এখন প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভোরের স্নিগ্ধ আলো থেকে বিকেলের গোধূলি পর্যন্ত এখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। তবে সম্প্রতি ওয়াকওয়ের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে সারি সারি গাছে ফুটে থাকা বিদেশি ফুল ‘হংকং অর্কিড’।
সরেজমিনে দেখা যায়, শান্তিবাগ ওয়াকওয়েতে থাকা ছয়টি হংকং অর্কিড গাছে থোকায় থোকায় ফুটেছে গাঢ় গোলাপি ও বেগুনি আভার মিশ্রণের দৃষ্টিনন্দন ফুল। সবুজ ও হালকা হলদেটে পাতার ফাঁকে ফুটে থাকা এসব ফুল পুরো এলাকায় তৈরি করেছে মনোমুগ্ধকর পরিবেশ।
ওয়াকওয়ের পাথুরে পথের দুই পাশে ছড়িয়ে থাকা গাছের ডালপালা আর ফুলের সমারোহ যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক স্বাগততোরণ। এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে পথচারীরা থমকে দাঁড়াচ্ছেন। কেউ পাশের বেঞ্চে বসে নদীর মৃদু বাতাস উপভোগ করছেন, কেউ আবার ক্যামেরায় বন্দি করছেন প্রিয় মুহূর্ত। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী মানুষের আকর্ষণের কেন্দ্রে এখন হংকং অর্কিড। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে ওয়াকওয়ের ফুলের সৌন্দর্যের ছবি।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত দর্শনার্থীদের মতে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শান্তিবাগ ওয়াকওয়ে সাজে নতুন রূপে। এখানে শুধু হংকং অর্কিড নয়, পরিকল্পিতভাবে রোপণ করা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির আকর্ষণীয় ফুলের গাছ।
এসবের মধ্যে রয়েছে কুর্চি, কাঠগোলাপ, ক্যাসিয়া জাভানিকা, কামিনী, কনকচূড়া, কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও রাধাচূড়া। বছরজুড়ে পর্যায়ক্রমে এসব গাছে ফুল ফোটায় ওয়াকওয়েটি সব সময়ই থাকে রঙিন ও সুশোভিত। গ্রীষ্মে কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার লাল-কমলা আভা, সোনালুর ঝুলন্ত হলুদ ফুল, বর্ষায় জারুলের বেগুনি রং এবং শরৎ-হেমন্তে কাঠগোলাপ ও কামিনীর শুভ্রতা ও মিষ্টি সুবাস পথচারীদের মুগ্ধ করে। হেমন্তের শেষভাগ ও শীতের শুরুতে সেই সৌন্দর্যে নতুন সংযোজন হংকং অর্কিড।
নিয়মিত দর্শনার্থী ফরহাদ সাইফুল্লাহ বলেন, শহরের মধ্যে এমন পরিকল্পিত সবুজায়ন শুধু সৌন্দর্য বাড়ায় না, নাগরিকদের জন্য স্বস্তিদায়ক পরিবেশও তৈরি করে। ইট-পাথরের যান্ত্রিক জীবনে শরীরচর্চা, অবসর কাটানো কিংবা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য ওয়াকওয়েটি মৌলভীবাজারবাসীর কাছে গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে।
তিনি বলেন, উদ্ভিদতাত্ত্বিক দিক থেকেও হংকং অর্কিড অত্যন্ত আকর্ষণীয়। মাঝারি আকারের এই পর্ণমোচী গাছের পাতা দেখতে অনেকটা জোড়া লাগানো হৃদয় কিংবা প্রজাপতির ডানার মতো। পাঁচটি পাপড়িযুক্ত ফুল দেখতে অর্কিডের মতো সুন্দর এবং এতে রয়েছে মৃদু সুগন্ধ। পাপড়ির গোড়ায় সাদাটে ও গাঢ় লালচে রেখার কারুকাজ ফুলটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।
প্রকৃতিবিষয়ক লেখক ও গবেষক চয়ন বিকাশ ভদ্র জানান, অনুকূল পরিবেশে হংকং অর্কিড গাছ সাধারণত ৬ থেকে ১২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর প্রধান আকর্ষণ বড় আকারের রঙিন ফুল। পাপড়ির ওপর গাঢ় রঙের শিরা বা রেখা এবং মাঝখানে থাকা পুংকেশর ও গর্ভকেশর ফুলটির সৌন্দর্য বাড়িয়ে তোলে। ফুলের আকৃতি ও রঙের বৈচিত্র্য অর্কিডের কথা মনে করিয়ে দেয় বলে এর ইংরেজি নাম ‘হংকং অর্কিড ট্রি’।
তিনি আরও জানান, উদ্ভিদটি শিমজাতীয় উদ্ভিদের পরিবার ফ্যাবেসি (Fabaceae)-এর অন্তর্ভুক্ত। এর বৈজ্ঞানিক নাম Bauhinia blakeana। এটি একটি হাইব্রিড প্রজাতি হওয়ায় সাধারণত ফল বা বীজ উৎপন্ন করে না। কলমের মাধ্যমে এর বংশবিস্তার করা হয়। ঐতিহাসিক ও আন্তর্জাতিক গুরুত্বের দিক থেকেও ফুলটি বিশেষ পরিচিত। ১৯৯৭ সালে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রতীকে এই ফুলের নকশা স্থান পায়। হংকংয়ের পতাকাতেও রয়েছে এই ফুলের প্রতীক।
যান্ত্রিক শহরের কোলাহল ও ব্যস্ততার মধ্যে মনু নদীর তীরবর্তী শান্তিবাগ ওয়াকওয়ে এখন মৌলভীবাজারবাসীর স্বস্তি ও প্রশান্তির অন্যতম আশ্রয়। শরীরচর্চা ও অবসর কাটানোর পাশাপাশি এমন সবুজ ও ফুলেল পরিবেশ নাগরিকদের মানসিক প্রশান্তি বাড়াতেও ভূমিকা রাখছে। একই সঙ্গে নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে দেশি-বিদেশি বিভিন্ন বৃক্ষের পরিচিতি তুলে ধরছে এই উদ্যোগ।
তবে প্রকৃতিপ্রেমীদের মতে, এই সৌন্দর্য দীর্ঘস্থায়ী করতে গাছগুলোর নিয়মিত পরিচর্যা, সার ও পানি সরবরাহ এবং আগাছা পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি দর্শনার্থীদেরও সচেতন হতে হবে। ডাল না ভেঙে, ফুল না ছিঁড়ে এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখে প্রকৃতির এই সৌন্দর্য রক্ষা করতে হবে। তাহলেই মনু নদীর পাড়ে শান্তিবাগ ওয়াকওয়ের নৈসর্গিক শোভা অক্ষুণ্ন থাকবে।
কেকে/সাশ