শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      
ফিচার
কথা নয়, আজ একটু শুনুন!
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজকাল আমরা যেন নিজের আমিত্বেই বেশি মগ্ন। কেউ কিছু বলতে এলেই তার কথা শোনার আগেই নিজের গল্প বলতে শুরু করি। অন্যের অভিজ্ঞতার সঙ্গে মেলাতে গিয়ে টেনে আনি নিজের জীবনের উদাহরণ। অথচ কখনো কখনো কাউকে কিছু না বলে শুধু মন দিয়ে শোনাটুকুই হতে পারে তার জন্য সবচেয়ে বড় স্বস্তি।

একটু ভেবে দেখুন, আপনার পাশে বসে থাকা মানুষটি হয়তো অনেক দিন ধরে কিছু বলতে চাইছেন। জমে থাকা কষ্ট, না বলা অভিমান কিংবা জীবনের কোনো আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে চাইছেন আপনার সঙ্গে। অথচ আপনি হয়তো নিজের ব্যস্ততায় কিংবা নিজের গল্পে এতটাই মগ্ন যে তার কথাগুলো শোনার অবকাশই হচ্ছে না।

আমরা অনেক সময় ভুলে যাই, কাউকে শোনা মানে শুধু তাঁর কথার শব্দ কানে পৌঁছানো নয়। বরং তাঁর অনুভূতি, অভিজ্ঞতা ও না বলা কথাগুলো বোঝার চেষ্টা করা। সব সমস্যার সমাধান দিতে হয় না, সব কথার উত্তরও দিতে হয় না। কখনো কখনো নীরবে পাশে থেকে মনোযোগ দিয়ে শোনাটুকুই যথেষ্ট।

কারণ, কেউ যখন অনুভব করেন তার কথা মন দিয়ে শোনা হচ্ছে, তখন তিনি নিজের ভেতরের কথাগুলো আরও সহজে প্রকাশ করতে পারেন। কিছুটা হালকা হয় মন, তৈরি হয় আস্থা। আর এই ছোট্ট সময়টুকুই কখনো গড়ে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক।

অন্যের কথা মন দিয়ে শোনার এই গুরুত্ব মনে করিয়ে দিতেই প্রতিবছর পালিত হয় ‘ডে অব লিসেনিং’ বা শ্রবণ দিবস।

প্রতিবছর যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের পরের শুক্রবার পালিত হয় দিবসটি। ২০২৪ সালে দিনটি ছিল ২৯ নভেম্বর। আর ২০২৬ সালে দিবসটি পালিত হচ্ছে ২৭ নভেম্বর।

দিনটির মূল লক্ষ্য হলো পরিবার, বন্ধু, স্বজন কিংবা পরিচিত-অপরিচিত মানুষের জীবনের গল্প মনোযোগ দিয়ে শোনা। শুধু শোনাই নয়, সম্ভব হলে তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিগুলো রেকর্ড করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

২০০৮ সালে অলাভজনক সংস্থা ‘স্টোরিকর্পস’ (StoryCorps) এই বিশেষ দিবসের সূচনা করে। সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। মানুষের মুখে মুখে বেঁচে থাকা ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও জীবনের গল্প সংগ্রহ করে সংরক্ষণ করাই তাদের অন্যতম লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের জীবনের গল্প তুলে ধরতে কাজ শুরু করে স্টোরিকর্পস। সংস্থাটির উদ্যোগে এ পর্যন্ত ছয় লাখেরও বেশি মানুষ তাদের জীবনের গল্প ভাগ করে নিয়েছেন। এসব সাক্ষাৎকারে উঠে এসেছে নানা প্রজন্মের অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস, সম্পর্কের টানাপোড়েন এবং সমাজজীবনের অনেক অজানা অধ্যায়।

এই উদ্যোগের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল রাইটার্স প্রজেক্ট’-এর মতো কর্মসূচিও। ওই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের জীবন, স্মৃতি ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সময়ের সঙ্গে সেই ভাবনাই নতুন রূপে ফিরে এসেছে স্টোরিকর্পসের হাত ধরে।

শুধু আজ নয়, প্রতিদিনই হোক শোনার অভ্যাস

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের হয়তো উপদেশের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একজন মনোযোগী শ্রোতা। কেউ বলতে চান তাঁর সাফল্যের গল্প, কেউ ভাগ করে নিতে চান ব্যর্থতার বেদনা। কেউবা শুধু চান, তাঁর কথাগুলো কেউ একটু গুরুত্ব দিয়ে শুনুক।

কিন্তু আমরা কি সত্যিই অন্যের কথা শুনি? নাকি উত্তর দেওয়ার অপেক্ষায় থাকি? অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করি, নাকি নিজের অভিজ্ঞতা দিয়ে তাঁর কথাকে ঢেকে দিই?

সম্পর্ক টিকিয়ে রাখতে সব সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। প্রয়োজন একটু সময়, মনোযোগ আর আন্তরিকতা। তাই আজ অন্তত প্রিয় কোনো মানুষের পাশে বসুন। ফোনটা সরিয়ে রাখুন, নিজের গল্প বলার তাড়া সামলে তাঁকে বলতে দিন। মাঝপথে থামিয়ে দেবেন না, বিচার করবেন না, অযাচিত উপদেশও দেবেন না।

মনে রাখবেন, আপনার কয়েক মিনিটের মনোযোগ হয়তো অন্য কারও দীর্ঘদিনের জমে থাকা কষ্ট কিছুটা কমিয়ে দিতে পারে।

কথা বলার মানুষ অনেক, কিন্তু মন দিয়ে শোনার মানুষ সত্যিই কম। তাই কখনো কখনো সবচেয়ে সুন্দর উপহারটি হতে পারে—একটু সময়, একটু মনোযোগ আর নীরবে কারও কথা শোনার মানসিকতা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শ্রবণ দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close