মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      ● শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা ভারতের সঙ্গে, হাসিনার সঙ্গে নয়: ডা. জাহেদ      ● রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু প্রাণিসম্পদ সপ্তাহ      ● দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ      ● অভিনেতা সোহেল খান আর নেই       ● শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা: চিফ প্রসিকিউটর      ● মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ১৮ কারখানায়      
ফিচার
হারিয়ে যাওয়া সময়কে আগলে রেখেছেন শরীফ, নাম তার ‘ওল্ড কালেকশন’
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:২২ পিএম আপডেট: ২৪.১১.২০২৬ ২:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

একসময় যেসব পুরোনো পত্রিকার পাতা বিড়ি তৈরির কাগজ হিসেবে ব্যবহৃত হতো, সেসব পত্রিকাই আজ হয়ে উঠেছে ইতিহাসের অমূল্য দলিল। ধুলা-ময়লা জমা কাগজের স্তূপ থেকে সযত্নে তুলে আনা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সংবাদপত্র, শতাব্দীপ্রাচীন বই, হাতে লেখা পুথি, পুরোনো মুদ্রা, ডাকটিকিটসহ হারিয়ে যেতে বসা নানা স্মৃতিচিহ্ন। ব্যক্তিগত উদ্যোগে এসব ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ব্যতিক্রমী কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জের শরীফুল ইসলাম। তার ছোট্ট সংগ্রহশালার নাম ‘ওল্ড কালেকশন’।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম হারুয়া এলাকার কসাইখানা এলাকায় একটি ছোট দোকানে গড়ে উঠেছে এই সংগ্রহশালা। বাইরে থেকে সাধারণ দোকান মনে হলেও ভেতরে ঢুকলেই চোখে পড়ে অন্য এক জগৎ। কোথাও সাজানো ১৯৭১ সালের সংবাদপত্র, কোথাও শতবর্ষী বই কিংবা হাতে লেখা প্রাচীন পুথি। আবার রয়েছে কলের গান, রেডিও, সাদাকালো টেলিভিশন, টেপ রেকর্ডার, হ্যাজাক লাইট, ব্রিটিশ আমলের ট্রাংক, পুরোনো মুদ্রা ও রেলওয়ের টিকিট। যেন একটি ছোট দোকানের ভেতরেই জমা হয়েছে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দীর ইতিহাস।

নিজের শ্রম, সময় ও অর্থ ব্যয়ে গড়ে তোলা এই সংগ্রহশালায় শরীফের সংগ্রহে রয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার পুরোনো বই-পুস্তক। পাশাপাশি রয়েছে বিভিন্ন সময়ের সংবাদপত্র, ঐতিহাসিক দলিল, চিঠিপত্র, ডাকটিকিট ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা সামগ্রী। প্রতিটি সংগ্রহের সঙ্গে জড়িয়ে আছে কোনো না কোনো সময়ের গল্প, মানুষের স্মৃতি কিংবা ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

৩৮ বছর বয়সী শরীফুল ইসলাম নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুরের বাসিন্দা। গত ১২ বছর ধরে বসবাস করছেন কিশোরগঞ্জের পশ্চিম হারুয়া এলাকায়। পেশায় পুরোনো কাগজ কেনাবেচার ব্যবসায়ী হলেও বই, পত্রিকা ও দুর্লভ ঐতিহাসিক সামগ্রী সংগ্রহ করাই তাঁর বিশেষ নেশা। স্ত্রী জেসমিন আক্তার গৃহিণী। দুই সন্তান লাবিবা আক্তার ও জায়েন জিসান। সংগ্রহের এই দীর্ঘ যাত্রায় স্ত্রীও তাঁকে উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছেন।

বিড়ির কাগজ হতে হতে হারিয়ে যাচ্ছিল ইতিহাস

২০১৫ সালের দিকে শরীফের সংগ্রহের যাত্রা শুরু। তখন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের বিভিন্ন দোকানে পুরোনো নিউজপ্রিন্টের পত্রিকা ও ম্যাগাজিন অন্য কাগজের তুলনায় বেশি দামে বিক্রি হতে দেখেন তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন, ৪০ থেকে ৫০ বছর আগের এসব পত্রিকার পাতা কেটে টুকরো করে বিড়ি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।

যেসব পত্রিকার পাতায় দেশের রাজনৈতিক পালাবদল, মুক্তিযুদ্ধ, সামাজিক পরিবর্তন ও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ রয়েছে, সেগুলো এভাবে হারিয়ে যেতে দেখে ব্যথিত হন শরীফ। তাঁর মনে প্রশ্ন জাগে, এসব পত্রিকা ও বই সংরক্ষণ না করলে একসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক তথ্যই হারিয়ে যাবে। সেই উপলব্ধি থেকেই পুরোনো বই ও পত্রিকা সংগ্রহের উদ্যোগ নেন তিনি।

শুরুতে সংগ্রহের পরিধি সীমিত থাকলেও ধীরে ধীরে যুক্ত হতে থাকে মুদ্রা, ডাকটিকিট, রেলওয়ের টিকিট, হাতে লেখা চিঠি, পুরোনো যন্ত্রপাতি ও বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে নিজের সামর্থ্য অনুযায়ী এসব জিনিস সংগ্রহ করেন তিনি। প্রথমে গুদামে জমা রাখেন, পরে বাছাই করে গুরুত্বপূর্ণ ও দুর্লভ সামগ্রী দোকানের সংগ্রহশালায় সাজিয়ে রাখেন।

পুথি, বিদ্যাসাগরের বই ও দুর্লভ প্রকাশনা

‘ওল্ড কালেকশন’-এর অন্যতম আকর্ষণ তুলট কাগজে হাতে লেখা একটি প্রাচীন পুথি। শরীফের দাবি, পুথিটির বয়স প্রায় ৫০০ বছর। সংস্কৃত ভাষায় লেখা এই পুথির পাশাপাশি রয়েছে উনিশ শতকের মাঝামাঝি সময়ে প্রকাশিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশুশিক্ষাবিষয়ক বই ‘বোধোদয়’।

এ ছাড়া রয়েছে শতাব্দীপ্রাচীন পাঠ্যবই ‘আমার সাথী’, পাঁচ আনা মূল্যের দুর্লভ বাংলা পাঠ্যবই ‘মুক্তাহার’ এবং ১৩৫৫ বঙ্গাব্দে প্রকাশিত পাঁচ সিকা মূল্যের কাব্যগ্রন্থ ‘জয়গান’। পুরোনো বইগুলোর ছাপা, বাঁধাই ও প্রকাশকাল দেখেই বোঝা যায়, একেকটি বই একেক সময়ের শিক্ষাব্যবস্থা ও সাহিত্যচর্চার সাক্ষ্য বহন করছে।


সংবাদপত্রের সংগ্রহেও রয়েছে বিশেষ বৈচিত্র্য। মুক্তিযুদ্ধকালীন ও স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন পত্রিকার সংখ্যা, সংবাদ কাটিং এবং ঐতিহাসিক প্রকাশনায় উঠে এসেছে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের নানা অধ্যায়।

১৯৭১ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার একটি সংখ্যা তার সংগ্রহের অন্যতম উল্লেখযোগ্য সামগ্রী। শরীফ জানান, পত্রিকাটির একটি কপি এক প্রবাসী লেখকের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন। স্বাধীনতার আগে পত্রিকাটি ‘দৈনিক পাকিস্তান’ নামে প্রকাশিত হতো।

এ ছাড়া ১৯৭০ সালে রচিত গোয়েন্দা উপন্যাস ‘দুষ্টগ্রহ’ নামের একটি বই এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। তবে সংগ্রহে থাকা সব দুর্লভ বই কিংবা সামগ্রী বিক্রি করেন না। কোনো বই বা সামগ্রীর একাধিক কপি থাকলে একটি রেখে বাকিগুলো বিক্রি করেন। আর কোনো সংগ্রহের দ্বিতীয় কপি পাওয়া কঠিন মনে হলে সেটি নিজের কাছেই রেখে দেন।

এক দোকানে হারিয়ে যাওয়া সময়ের প্রযুক্তি

শুধু বই-পত্রিকা নয়, একসময় মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এমন অনেক জিনিসও রয়েছে শরীফের সংগ্রহে। কলের গান, হ্যাজাক লাইট, রেডিও, টেপ রেকর্ডার, সাদাকালো টেলিভিশন ও ব্রিটিশ আমলের ট্রাংক দেখে দর্শনার্থীরা ফিরে যান অতীতের দিনগুলোতে।

শহরের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জামান স্বপন বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই একসময় ব্যবহৃত এসব সামগ্রী সম্পর্কে জানে না। মোবাইল ও অনলাইননির্ভর জীবনে অতীতের অনেক স্মৃতি হারিয়ে যাচ্ছে। এখানে এসে কলের গান দেখে তাঁর ভালো লেগেছে।

তিনি বলেন, একসময় বিদ্যুৎ কিংবা ব্যাটারি ছাড়াই হাতে ঘুরিয়ে রেকর্ড বাজিয়ে গান শোনা যেত। এখনকার অনেকেই হয়তো এই যন্ত্রটি চেনেন না। পুরোনো রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার ও হ্যাজাক লাইটের মতো সামগ্রী অমূল্য সম্পদ। এগুলো যথাযথভাবে সংরক্ষণ করে জাদুঘরের আদলে সাজানো গেলে নতুন প্রজন্ম অতীতের জীবনযাপন ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে।
 
ব্যক্তিগত উদ্যোগে ইতিহাস সংরক্ষণ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুরুতে শরীফের কাগজের গুদামকে তাঁরা সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠান মনে করতেন। পরে দেখতে পান, পুরোনো কাগজের স্তূপ থেকে ঐতিহাসিক দলিল ও গুরুত্বপূর্ণ পত্রিকা আলাদা করে সংরক্ষণ করছেন শরীফ।

তিনি বলেন, ‘এটা অনেক ধৈর্যের কাজ। শরীফ ভাই ধৈর্য সহকারেই কাজটি করেছেন। ধীরে ধীরে কাগজ বিক্রির জায়গা থেকে ঐতিহাসিক দলিলগুলো আলাদা করে সংগ্রহশালায় নিয়ে এসেছেন। আজ তাঁর এই সংগ্রহশালা দেখে আমরা মুগ্ধ। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দলিলগুলো সংরক্ষণে সরকারি উদ্যোগ প্রয়োজন। শরীফের এই সংগ্রহশালা দেশের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’


আইটি বিশেষজ্ঞ আশরাফ আলী সোহান বলেন, ইতিহাস জানার আগ্রহ থেকে অনলাইনে ও পত্রপত্রিকায় বিভিন্ন তথ্য খুঁজতেন তিনি। কিন্তু শরীফের সংগ্রহশালায় এসে একসঙ্গে এত পুরোনো পত্রিকা ও ঐতিহাসিক তথ্য দেখে অবাক হয়েছেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার আগ থেকে আজ পর্যন্ত বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ এখানে রয়েছে। রাজনৈতিক উত্থান-পতন, দেশের নানা ঘটনা এবং কিশোরগঞ্জের অনেক ইতিহাসও এখানে পাওয়া যাচ্ছে। কিশোরগঞ্জের সন্তান হয়েও এখানকার কিছু ঘটনা আগে জানতাম না। ছোট সংগ্রহশালা হলেও এর তথ্যভাণ্ডার অনেক সমৃদ্ধ। সংগ্রহশালাটি আরও বড় করা গেলে এবং সবার দেখার সুযোগ সৃষ্টি করা গেলে নতুন প্রজন্ম ইতিহাসের বিভিন্ন বাঁক সম্পর্কে জানতে পারবে।’

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম পিয়াদ বলেন, শরীফের সংগ্রহশালায় পাকিস্তান আমল থেকে শুরু করে বিভিন্ন সময়ের ঐতিহাসিক বিষয় জানা যায়। রাজনৈতিক ব্যক্তিত্ব ও দেশের গুরুত্বপূর্ণ নানা ঘটনার স্মৃতি এখানে সংরক্ষিত রয়েছে। পশ্চিম হারুয়া এলাকায় এমন একটি সংগ্রহশালা গড়ে ওঠায় স্থানীয় বাসিন্দারা গর্বিত।

১৫ দিন স্টেশনে কাটিয়ে সংগ্রহ করেছেন ইতিহাস

সংগ্রহশালার পেছনের পরিশ্রমের গল্প বলতে গিয়ে শরীফুল ইসলাম জানান, শুরুর দিকে আর্থিক সামর্থ্য সীমিত থাকায় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে সংগ্রহের কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। হোটেলে থাকার সামর্থ্য না থাকায় কখনো রেলস্টেশনে রাত কাটিয়েছেন। একটানা প্রায় ১৫ দিন ট্রেন, বাস ও বিভিন্ন শহরে ঘুরে সংগ্রহ করেছেন পুরোনো বই, পত্রিকা ও ঐতিহাসিক সামগ্রী। কখনো নদীতে গোসল করে আবার বেরিয়ে পড়েছেন সংগ্রহের সন্ধানে।

খুলনা থেকে দিনাজপুর, সেখান থেকে কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ঘুরেছেন তিনি। সংগ্রহ করা জিনিস প্যাকেট করে কুরিয়ারে পাঠিয়ে আবার অন্য এলাকায় চলে গেছেন। এভাবেই নিজের শ্রম, সময় ও সামর্থ্য দিয়ে ধীরে ধীরে সমৃদ্ধ করেছেন ‘ওল্ড কালেকশন’।


শরীফ বলেন, ‘৪৭-এর সমাধান, ৭১-এর অবদান—এ সবকিছুর সংগ্রহের নামই হচ্ছে ওল্ড কালেকশন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ব্যক্তিগতভাবে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় কাজ করে চলছি। এই কাজের পেছনে সবচেয়ে বেশি প্রেরণা ও শক্তি জুগিয়েছে আমার পরিবার।’

তিনি জানান, পরিবারের পুরোনো জিনিসপত্র সংরক্ষণের অভ্যাস থেকেই তাঁর সংগ্রহের আগ্রহ তৈরি হয়। তাঁর বাবা ব্রিটিশ আমলের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যত্ন করে রেখে দিতেন। বাবার সেই অভ্যাস থেকেই পুরোনো জিনিসের প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর। পরিবারের পুরোনো অনেক সামগ্রী এখনো তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে।

সংগ্রহ করতে গিয়ে নানা অবহেলা ও অবজ্ঞার মুখেও পড়তে হয়েছে তাঁকে। অনেকেই পুরোনো বই-পত্রিকাকে মূল্যহীন মনে করে। ধুলা-ময়লা জমা কাগজের স্তূপ থেকে ঐতিহাসিক দলিল উদ্ধার করতে গিয়ে কখনো গুরুত্ব না পাওয়ার অভিজ্ঞতাও হয়েছে। তবে তাঁর সংগ্রহের গুরুত্ব যাঁরা উপলব্ধি করেন, তাঁদের প্রশংসা ও কৃতজ্ঞতাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানান তিনি।

প্রতিটি জেলায় সংগ্রহশালা গড়ার প্রত্যাশা

শরীফুল ইসলামের মতে, দেশের বহু পুরোনো বই, সংবাদপত্র ও ঐতিহাসিক দলিলপত্র এখনো অবহেলায় নষ্ট হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিগত পাঠাগার কিংবা পরিবারের পুরোনো বই-পত্রিকা অপ্রয়োজনীয় মনে করে বিক্রি করে দেওয়া হচ্ছে। সেখান থেকে মূল্যবান অনেক ইতিহাস চলে যাচ্ছে কাগজের মিলে। অথচ এসব সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য ও স্মৃতি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।


তিনি বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। শুধু বাংলাদেশভিত্তিক নয়, প্রতিটি জেলায় জেলাভিত্তিক ঐতিহাসিক সংগ্রহশালা গড়ে তোলা দরকার। সেখানে জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐতিহাসিক ও গুণী ব্যক্তিদের অবদান সংরক্ষিত থাকবে। তাহলে বর্তমান ও আগামী প্রজন্ম নিজেদের ইতিহাস থেকে নতুন ধারণা ও শিক্ষা নিতে পারবে।’

একসময় যে পত্রিকার পাতা বিড়ি তৈরির কাগজ হয়ে হারিয়ে যাচ্ছিল, সেই পত্রিকাকেই ইতিহাসের দলিল হিসেবে আগলে রাখছেন শরীফ। তাঁর ছোট্ট ‘ওল্ড কালেকশন’ তাই কেবল পুরোনো জিনিসের সমাহার নয়; বরং সময়ের বিবর্তন, মানুষের জীবনযাপন, দেশের ইতিহাস ও ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার এক ব্যক্তিগত প্রয়াস।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close