পুরুষ—শব্দটি যেন এক অব্যক্ত ভার বহন করে চলে। পরিবারের দায়িত্ব, সামাজিক প্রত্যাশা কিংবা পৌরুষের প্রচলিত ধারণা ধরে রাখতে গিয়ে অনেক সময় নিজের কথাই ভুলে যান পুরুষরা। অন্যের ভালো থাকার দায়িত্ব পালন করতে গিয়ে অবহেলা করেন নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের। কষ্ট থাকলেও প্রকাশ করতে চান না, ক্লান্তি এলেও বিশ্রাম নিতে দ্বিধা করেন। অথচ পুরুষেরও মন খারাপ হয়, হতাশা আসে, প্রয়োজন হয় যত্ন ও সহমর্মিতার।
পুরুষের এই অদৃশ্য চাপ, স্বাস্থ্য সচেতনতা, ইতিবাচক পুরুষত্ব এবং সমাজে তাদের অবদানকে গুরুত্ব দিতে প্রতিবছর ১৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। দিবসটি পুরুষদের অধিকার, স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও জীবনমান নিয়ে সচেতনতা তৈরির একটি উপলক্ষ।
১৯৯২ সালে টমাস ওস্টার প্রথম পুরুষ দিবস পালনের উদ্যোগ নেন। তবে ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোর অধ্যাপক ড. জেরোম তেলুকসিংহ আনুষ্ঠানিকভাবে দিবসটির প্রচলন করেন। এরপর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।
মানসিক স্বাস্থ্য নিয়ে নীরবতা
আমাদের সমাজে ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয়, ‘ছেলেরা কাঁদে না’, ‘পুরুষ মানুষকে শক্ত হতে হয়’। ফলে অনেক পুরুষ নিজের কষ্ট, হতাশা কিংবা মানসিক চাপ অন্যের কাছে প্রকাশ করতে চান না। দুর্বল ভাবার ভয়ে প্রয়োজনের সময় সহায়তাও নেন না। অথচ মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার মতোই গুরুত্বপূর্ণ।
নিজের যত্ন নেওয়াও দায়িত্ব
পরিবার ও কর্মক্ষেত্রের দায়িত্ব সামলাতে গিয়ে অনেক পুরুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম ও সুষম খাবারের বিষয়গুলো অবহেলা করেন। দীর্ঘদিনের এই অবহেলা নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই নিজের শরীর ও মনের প্রতি যত্নশীল হওয়া জরুরি।
পৌরুষ মানে শুধু দায়িত্ব নেওয়া কিংবা সব পরিস্থিতিতে শক্ত থাকার অভিনয় নয়। পরিবারের কাজে সহযোগিতা, সন্তানকে সময় দেওয়া, অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নিজের দুর্বলতা স্বীকার করাও ইতিবাচক পুরুষত্বের অংশ।
আন্তর্জাতিক পুরুষ দিবস আমাদের মনে করিয়ে দেয়, পুরুষরাও মানুষ। তাদেরও বিশ্রাম, ভালোবাসা, সম্মান ও মানসিক সমর্থন প্রয়োজন। অন্যের ভালো থাকার দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ভালো থাকাকেও গুরুত্ব দিতে হবে। কারণ নিজের যত্ন নেওয়া দুর্বলতা নয়, বরং সুস্থ ও সুন্দর জীবনের অপরিহার্য অংশ।
কেকে/সাশ