মালয়েশিয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের কাছাকাছি এলাকায় ভূমিধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়ে এক বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনায় ৪১ বছর বয়সী ওই বাংলাদেশী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
সেন্টুল জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার আনোয়ার বাকরি আব্দুল সালাম জানান, হেল্পলাইনের মাধ্যমে সেন্টুল জেলা পুলিশ সদর দপ্তরে খবর পাওয়ার পরপরই জিনজ্যাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধারকারী দল মাটির স্তূপের নিচ থেকে চাপা পড়া অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যরাতে দেওয়া বিবৃতিতে আনোয়ার বাকরি আরও জানান, আরও চারজন বাংলাদেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন, তবে চিকিৎসা নেয়ার পর তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। এ ছাড়া বাকি তিনজন অক্ষত রয়েছেন।
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা ও নিয়ন্ত্রণে নেওয়ার পর সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
আনোয়ার বাকরি জানান, ভূমিধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি, জনসাধারণকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কেকে/এমএ