মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম লতিফের সাথে বৈঠক করেছেন।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানায় হাইকমিশন।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এর পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আলোচনায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। ২৪-২৬ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠিতব্য সংস্থাটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাউন্সিলের বৈঠককে আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় মালদ্বীপের অব্যাহত সম্পৃক্ততা ও নেতৃত্বের প্রশংসা করেন নাজমুল ইসলাম।
বৈঠকে মোহাম্মদ নাজমুল ইসলাম বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ‘দুই দেশের ধর্মীয়, ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাদৃশ্য জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাজমুল ইসলাম। একই সঙ্গে মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেকে/এমএ