মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মো. শামস আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহান। এছাড়া পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মিয়ানমারে বসবাসরত বাংলাদেশের নাগরিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. শামস আখতার ই-পাসপোর্ট প্রকল্পের ওপর বক্তব্য দেন। তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
মনোয়ার হোসেন মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ২০২৪’-এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় প্রবাসীদের কাছে ই-পাসপোর্ট সেবা পৌঁছে দেওয়ায় পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
মনোয়ার হোসেন বলেন, ‘ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশীদের আধুনিক, নিরাপদ ও কার্যকর সেবা প্রদানের এক নতুন দিগন্ত উম্মোচন হয়েছে এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াসমূহ সহজতর ও নিরাপদ হয়েছে।’
তিনি বাংলাদেশ দূতাবাস ইয়াঙ্গুনে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/দপ্তরের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ই-পাসপোর্ট সেবা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একই সঙ্গে তারা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ বিতরণ করা হয়। পরে অতিথিরা দূতাবাসে স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।
কেকে/এমএ