নীলফামারীর ডোমার উপজেলায় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মনিহারা পাড়ায় নারী ও শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূর নাহার শাহজাদী বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের আগে এর নিয়ম-কানুন ও নিরাপত্তা বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে অনেক মেয়ে প্রতারকের ফাঁদে পড়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে।’
এ কারণে মেয়েদের ১৮ বছরের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত না হওয়ার পরামর্শ দেন তিনি।
নূর নাহার শাহজাদী আরও বলেন, ‘মাথা ব্যথা করলেই মাথা কেটে ফেলতে হবে- এটা কোনো সমাধান নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত মেয়েদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা। স্কুল-কলেজে যাতায়াতের সময় অনেক মেয়েই ইভটিজিংয়ের শিকার হয়। এমন পরিস্থিতিতে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে সমস্যার সমাধান হবে- এমন ধারণা সম্পূর্ণ ভুল। অনেক সময় দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য মোরশেদা বেগম, জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং কমিউনিটি হাব অর্গানাইজার মো. মেজবাউল হোসেন।
কেকে/এমএ