বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোট গঠনের পর থেকেই গৃহদাহে পুড়ছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই রাজনৈতিক দলটি। জোট ঘোষণার সঙ্গে সঙ্গেই তাসনিম জারাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা, যাদের বেশিরভাই নারী, এনসিপি থেকে পদত্যাগ করেন। এ ছাড়া প্রায় প্রতিদিন জামায়াতের সেঙ্গ জোট করার কারণে সারা দেশের অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মী এনসিপি ত্যাগের ঘোষণা দেন। সর্বশেষ গতকাল সোমবার খাগড়াছড়িতে দলটির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। গতকাল বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। পরে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
যোগদানকারী নেতা-কর্মীদের পক্ষে বক্তব্য দেন বিপ্লব ত্রিপুরা। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই তারা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, তারা আশা করেছিলেন, জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে এবং ন্যায়ের পক্ষে রাজনীতি করবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলটি মুক্তিযুদ্ধবিরোধী একটি রাজনৈতিক শক্তির সঙ্গে অবস্থান নেওয়ায় তারা হতাশ হয়েছেন।
বিপ্লব ত্রিপুরা আরও বলেন, স্বাধীনতাযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দলের সঙ্গে পথচলা অব্যাহত রাখার লক্ষ্যে তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে নতুন রাজনৈতিক যাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেওয়ায় নতুন নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এবি পার্টি ছেড়ে বিএনপিতে যোগ : আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব ও রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবদুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিনের বাড়িতে তার হাত থেকে একগুচ্ছ ধানের শীষ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন আবদুল লতিফ।
লালমনিরহাট-৩ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ফিরোজ কবীর বলেন, ‘আবদুল লতিফ মাস্টার বেশ কিছুদিন থেকে সংগঠনে নিষ্ক্রিয় ছিলেন। এ অবস্থায় তিনি বিএনপিতে যোগদান করেন বলে জানতে পেরেছি।’
আবদুল লতিফ কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। ২০১৯ সালে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য তাকে সংগঠন ও পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২০১৪ সালে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের দলীয় প্রার্থী ফিরোজ হায়দার বলেন, ২০১৯ সালে সংগঠন পরিপন্থি কাজের জন্য আবদুল লতিফকে কালীগঞ্জ উপজেলা আমিরের পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি এবি পার্টিতে যোগদান করেন।
লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বলেন, আবদুল লতিফ মাস্টার এবি পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিতে ও ধানের শীষের পক্ষে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। গতকাল সকালে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।
আবদুল লতিফ মাস্টার বলেন, ‘দেশের মানুষ, এলাকার উন্নয়ন ও মুক্তির জন্য বিএনপিতে যোগ দিয়েছি। রোকন উদ্দিনের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করব।’
কেকে/ আরআই