রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      
খোলাকাগজ স্পেশাল
সরকারের কাছে ২৩ প্রস্তাব জামায়াতের
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে উল্লেখ করে চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা বলেছে, ভারতের পানি আগ্রাসন রোধে সরকারকে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

গতকাল রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসেবা, সীমান্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ২৩টি প্রস্তাব গ্রহণ করা হয়। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াত।

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন: জামায়াতের মজলিসে শুরার অধিবেশন থেকে জুলাই গণহত্যা ও শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। হাদি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতেও বলেছে জামায়াত।

অধিবেশনে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা: নাগরিকদের ক্রয়ক্ষমতা বিবেচনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট ও মাফিয়া চক্র ভাঙতে নিয়মিত বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তদারকি জোরদারের প্রস্তাব করেছে জামায়াত। পাশাপাশি ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে।

উৎপাদন খাত সচল এবং সাশ্রয়ী রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াত। আসন্ন রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারেন, সেটি নিশ্চিত করতে এবং পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ রোধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলা হয়েছে। স্বাস্থ্যসেবা খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত। প্রস্তাবে বলা হয়েছে, নিয়ন্ত্রণযোগ্য রোগ হামের বিস্তার রোধ ও প্রতিরোধে সরকারকে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রান্তিক পর্যায় পর্যন্ত হামের টিকাদান নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নিয়মিত গবেষণা ও আক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে হাসপাতালগুলোতে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

নাশকতা রোধে শূন্য সহনশীলতার দাবি: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াত বলেছে, অপরাধীদের দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা না করে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা রোধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে।

জামায়াতের প্রস্তাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্ব ও জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে। নিম্ন ও উচ্চ আদালতের বিচারব্যবস্থা নিরপেক্ষ, দ্রুত, কার্যকর ও সময়োপযোগী করার পাশাপাশি নারী নির্যাতন ও ধর্ষণ রোধে আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সীমান্ত হত্যা ও রাষ্ট্রীয় কাঠামোয় দলীয়করণ বন্ধ: সীমান্ত পরিস্থিতি নিয়ে জামায়াতের প্রস্তাবে বলা হয়েছে, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যা এবং অবৈধভাবে পুশইনের চেষ্টা বন্ধে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে। রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোয় দলীয়করণ বন্ধেরও দাবি জানিয়েছে জামায়াত। দলটির প্রস্তাবে বলা হয়েছে, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করতে হবে।

রাষ্ট্রের সব পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও প্রশাসনিক সিদ্ধান্তে মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও কর্মদক্ষতাকে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছে জামায়াত। একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জন-আস্থা নিশ্চিত করতে শক্তিশালী, স্বাধীন, জবাবদিহিমূলক ও কার্যকর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

আন্তর্জাতিক পরিস্থিতি: আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের গৃহীত প্রস্তাবে মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব জোরদার এবং নির্যাতিত ব্যক্তিদের পক্ষে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ওআইসি, আরব লিগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বলা হয়েছে। ইরান ও ইয়েমেনে যুদ্ধ, ফিলিস্তিনে গণহত্যা এবং বিশ্বব্যাপী আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। একইসঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। 

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা বিশ্বাস করে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক নিরাপত্তা, সুশাসন ও আইনের শাসন সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়বে।          

কেকে/ এসএমএন 





আরও সংবাদ   বিষয়:  জামায়াতে ইসলামী   জামায়াতের ২৩ প্রস্তাব   গঙ্গা পানি চুক্তি   রাজনৈতিক সংস্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close