প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ইস্যুতে ১১ দলীয় জোটের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভাষ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে হলে ১১ দলের পক্ষ থেকেই সম্মিলিতভাবে বসা উচিত। এতে জোটের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হতো।
এনসিপির একক বৈঠকের বিষয়টি নিয়ে গত রোববার (২২ নভেম্বর) গভীর রাত পর্যন্ত আলোচনা করেন ১১ দলের নেতারা। বৈঠকে সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে মত দেন শরিক দলের নেতারা। তবে পরদিন এককভাবেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপি। এ নিয়ে জোটের ভেতরে কিছুটা অস্বস্তি তৈরি হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন খোলা কাগজকে বলেন, ১১ দলের শীর্ষ বৈঠকে এনসিপি জানিয়েছিল, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর ১১ দলের পক্ষ থেকে বলা হয়েছিল, আলাদাভাবে না গিয়ে সবাই মিলে সাক্ষাৎ করা উচিত। তারপরও এনসিপি এককভাবে গেছে। তবে প্রত্যেক দলেরই নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।
তিনি বলেন, ‘এতে কিছু ভুল বোঝাবুঝি তো হয়েছেই। তবে আমি মনে করি, এটা খুব বড় সমস্যা হবে না। আমাদের প্রত্যাশা ছিল, একসঙ্গে যাওয়া। এভাবে গেলে ভালো হতো। দাবিটাও জোরালো হতো।’
জামায়াতের অবস্থানও অনেকটা একই। তবে দলটি বলছে, কোনো শরিক দল এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাইলে তাদের বাধা দেওয়ার সুযোগ নেই। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কোনো দল স্বাধীনভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেতে চাইলে সেখানে বাধা দেওয়ার কিছু নেই। গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেক দলেরই কিছু স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতা থেকেই তারা বৈঠকে যাচ্ছেন। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে জোটের সিদ্ধান্ত হলো- আমন্ত্রণ জানানো হলে আমরা জোটের মধ্যে আলোচনা করে জোটবদ্ধভাবে বৈঠকে যাব।’
জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, সংলাপের উদ্যোগ নেওয়া হলে কী প্রক্রিয়ায় আলোচনা হবে, কী এজেন্ডা থাকবে এবং কারা অংশ নেবেন, তা জানানো হবে। এরপর ১১ দলের নেতারা বসে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তবে এনসিপি মনে করছে, তাদের একক বৈঠক নিয়ে জোটের মধ্যে অসন্তোষের কোনো কারণ নেই। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য সারওয়ার তুষার বলেন, ‘এনসিপি এককভাবে বৈঠক করেছে, আবার জোটগতভাবে বৈঠক হলেও যাবে।’ জোটের ভেতরে অসন্তোষের বিষয়ে তিনি বলেন, ‘এটা সাময়িক, ঠিক হয়ে যাবে। এটা কোনো সমস্যা না।’
সারওয়ার তুষারের মতে, একটি রাজনৈতিক জোটে থাকলে সব বিষয়ে সবার একমত হওয়ার সুযোগ নেই। কোনো বিষয়ে মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি তৈরি হতেই পারে। তবে আলোচনা করে তা সমাধান করা সম্ভব। তিনি বলেন, ‘একটি জোটে থাকলে কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হতে পারে। এটি অস্বাভাবিক কিছু নয়। তবে এই বিষয়কে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশের কোনো কারণ আমি দেখছি না। এ ধরনের ক্ষোভ সম্পূর্ণ অমূলক এবং আমার মতে, অনাকাঙ্ক্ষিতও। বৈঠকে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক দলের স্বাধীনতা থাকা উচিত। এইটুকু স্বাধীনতা যদি আমার না থাকে, তাহলে আমার দলের স্বতন্ত্র অস্তিত্বই তো প্রশ্নের মুখে পড়ে।’
তিনি আরও বলেন, জোট দীর্ঘমেয়াদি রাজনৈতিক যাত্রা। এখানে সাময়িক টানাপড়েন থাকতেই পারে। জোটের নিজস্ব ফোরাম ও আলোচনার সুযোগ রয়েছে। সেখানেই এসব বিষয় সমাধান করা সম্ভব।
উল্লেখ্য, গত সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। এদিন দুপুর একটার দিকে ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংলাপ শুরু হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন- দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আখতার হোসেন ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন।
কেকে/সাশ