নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।
গতকাল রোববার (২২ নভেম্বর) এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব খোলা কাগজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সোমবার বৈঠক হবে, এটা নিশ্চিত। আমরাও বৈঠকে যাচ্ছি। তবে কোন বিষয়ে আলোচনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।’
গত কয়েক দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক নাশকতার ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় থানা, সংসদ সদস্যের বাড়ি ও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে বিএনপির তিন কর্মী নিহত হয়েছেন। দেশজুড়ে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলেও জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের ভূমিকা অনেকটাই নীরব। একসময় ফ্যাসিবাদবিরোধী দলগুলো নানা ইস্যুতে একসঙ্গে মাঠে সরব থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে সেই ঐক্যে ভাটা পড়েছে। দলগুলোর মধ্যে তৈরি হয়েছে অবিশ্বাস ও দূরত্ব। ফলে নাশকতার ঘটনায় রাজপথে তাদের সম্মিলিত কোনো অবস্থান দেখা যাচ্ছে না। সেই ঐক্য ফেরাতেই প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন।
তবে শুধু আওয়ামী লীগ ঠেকানোর কথা বলে জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়ে পরে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে সংকট চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তবে জাতীয় ঐক্যের উদ্যোগ সফল করতে হলে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, জাতীয় ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন করে ঐক্যের উদ্যোগ শুরু করতে হবে।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি পেলেই জাতীয় ঐক্য সম্ভব।
সংশ্লিষ্টরাও মনে করছেন, বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানের পর দলগুলোর মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং জাতীয় ঐক্যের বিষয়গুলো গুরুত্ব পাবে। ফলে প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। যদিও ঐক্যের আহ্বানে ইতোমধ্যে শর্ত জুড়ে দিয়েছে জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোট। রাজনৈতিক নানা ইস্যুতে দলগুলোর মধ্যে অবিশ্বাসও তৈরি হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ নিয়ে একে অপরকে দোষারোপ করছে দলগুলো। যার ফলে সংলাপের মাধ্যমে সেই অবিশ্বাস দূর করাও বড় চ্যালেঞ্জ।
এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তবে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সব দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।
এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক খোলা কাগজকে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ ইতিবাচক। সংসদে দেওয়া বক্তব্যও ইতিবাচক। আওয়ামী লীগের হামলা, আক্রমণ ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ রাখা জরুরি। এ জন্য জাতীয় ঐক্যের একটি জায়গা তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, এনসিপি ও জামায়াত নিজেদের অবস্থান থেকে কথা বলতে পারে। তবে জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানও পরিষ্কার। বিএনপি অঙ্গীকার করেছে, সনদে যেভাবে স্বাক্ষর করেছে, সেভাবেই সংবিধান সংশোধন করবে। বিভিন্ন বিষয়ে দলগুলোর নোট অব ডিসেন্ট বা ভিন্নমতও আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে। সনদে নির্বাচনের পর কোনো দল চাইলে নিজস্ব অবস্থান থেকে সংশোধনী প্রস্তাব আনার সুযোগ রাখা হয়েছে। তবে তা পাস হবে কি না, সেটি সংসদে সংখ্যাগরিষ্ঠতার ওপর নির্ভর করবে।
জামায়াত ও এনসিপির বর্তমান অবস্থানকে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা বলে মনে করেন সাইফুল হক। তার মতে, বিএনপি সরকার চাপে রয়েছে এমন ধারণা থেকে অন্য দলগুলো বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করছে। তিনি বলেন, এখন জামায়াত ও এনসিপি যেসব শর্ত সামনে আনছে, তা অনেকটা বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা। তিনি এসব অবস্থানকে রাজনৈতিক ‘স্ট্যান্টবাজি’ বলেও মন্তব্য করেন।
কেকে/সাশ