রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
অর্থনীতি
শিল্পাঞ্চলজুড়ে নতুন উদ্বেগ
রবিউল ইসলাম
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। হঠাৎ করে ছুটির সিদ্ধান্তে বিপাকে পড়েন কর্মস্থলে আসা শ্রমিকরা। অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। কারখানা খুলে দেওয়ারও দাবি জানান তারা। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। পরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জিরাবো-বিসমাইল সড়কের কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বেলা পৌনে ১১টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশকিছু কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় নরসিংহপুর, জিরাবো, কাঠগড়া এলাকার শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স ফ্যাশন, এ্যালায়েন্স নিট কম্পোজিট, রাতুল অ্যাপারেলস, অরুনিমা স্পোর্টস ওয়ার, রেডিয়ান্স গ্রুপ, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, এবিসি লেদারসহ ৮০ কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়। পরবর্তীতে দুপুরের দিকে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকরা জানান, বেতন-ভাতা না দিয়ে এভাবে বিনা কারণে কারখানা বন্ধ রাখা সঠিক সিদ্ধান্ত নয়। 

মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকদের টানা কর্মবিরতি ও অসন্তোষের মুখে নিরাপত্তার স্বার্থে আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলের অন্তত ৮০ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া ছুটি রয়েছে আরও দুটি কারখানায়। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরেই শিল্পাঞ্চলে আন্দোলন চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা। কয়েক সপ্তাহের চলমান এ অস্থিরতায় পুলিশের যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে শ্রমিকদের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।’ 

এসব ঘটনায় করা একাধিক মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন শ্রমিক ও শ্রমিক ফেডারেশনের নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আশুলিয়া পলাশবাড়ী এলাকায় পিজিসিএল নামের পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেন নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গেও কথা বলেন।

গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেন। কিন্তু কাঠগড় এলাকার কিছু কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। অবস্থার বেগতিক দেখে জামগড়া, নরসিংহপুর, জিরাবো, কাঠগড়া এলাকার বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।’ 

সোমবার নতুন মজুরি জানাবে মালিকপক্ষ : আগামীকাল সোমবার গার্মেন্টস মালিকপক্ষ পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। গতকাল শনিবার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সৈয়দ আজাদ সুবহানী বলেন, ২৩ তারিখের সভার কথা আগেই ঘোষণা করা হয়েছে এবং মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার সুযোগ নেই। কেউ প্রস্তাব না দিলে আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করে কাজ করা হবে।

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে : ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না। এতে মালিক ও শ্রমিক দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। এই খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে। যদি পোশাকশিল্প ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই। গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া-সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ, দুর্নীতি, অনিয়ম, ব্যবসার খরচ নিয়ন্ত্রণসহ সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। দেশে একটা টেকসই শাসনব্যবস্থা তৈরি করা না গেলে, কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। এর জন্য প্রয়োজন চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা।

কেকে/ এসএমএন 






আরও সংবাদ   বিষয়:  শ্রমিক আন্দোলন   শিল্পাঞ্চল   কারখানায় সাধারণ ছুটি   তৈরি পোশাক খাত   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close