রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
রাজনীতি
সাম্প্রদায়িক উসকানিতে দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৬ এএম আপডেট: ২২.১১.২০২৬ ১১:২৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজনৈতিক সহিংসতার ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে দেশে উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে নানা ধরনের অপতথ্য। কোথাও পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে, আবার কোথাও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। এসব অপপ্রচারের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ একের পর এক ভুলতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। সাম্প্রতিক ঘটনাগুলোও সেই ধারাবাহিক অপপ্রচারের অংশ বলে মনে করছেন তারা।

সর্বশেষ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামকে ঘিরে এমন অপপ্রচারের ঘটনা সামনে এসেছে। বিএনপির দুই নেতা হত্যার পর সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে পুলিশ বলছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। পুরোনো ঘটনার ভিডিও এবং এআই দিয়ে তৈরি দৃশ্য ব্যবহার করে এসব গুজব ছড়ানো হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের কোনো বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ভিডিও এবং তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা ও নেতারাও তাদের বাড়িঘরে হামলার খবর নাকচ করেছেন। ঘোষপাড়ার বাসিন্দা গোপী ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘ঘোষপাড়ায় আমাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। কোনো সাধারণ মানুষের বাড়িঘরে হামলা হয়নি। পুরোপুরি মিথ্যা তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে। বরং বিএনপির লোকজন আমাদের সবসময় দেখেশুনে রাখছেন। ফেসবুকে ওই খবর দেখে গতকাল থেকে অনেকে যোগাযোগ করেছেন। আসলে এখানে কারও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি।’

একই কথা জানিয়েছেন বৈশাখী ঘোষ। তিনি বলেন, ‘আমাদের ঘোষপাড়ায় কিছুই হয়নি। আমরা শান্তিতে আছি। ফেসবুকে যেটা প্রচার হয়েছে, সেটা মিথ্যা ছাড়া কিছুই না। আশপাশে খোঁজ নিয়েছি, স্বজনদের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত হিন্দুদের কেউ বলতে পারেননি যে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ বলেন, ‘বেন্দারচরে যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি সাবেক এমপি কবিরুল হক মুক্তির এলাকা। সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। হিন্দুরা বসবাস করেন ঘোষপাড়ায়। ওই পাড়ায় কারও বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। তবে ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কোনো হিন্দু বাড়িতে আগুন লাগানো হয়নি। সবাই নিরাপদে আছেন। শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার যে খবর ফেসবুকে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরূপ ঘোষও একই তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে কারও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্যের বাসাসহ কয়েকটি বাসা এবং ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার বিষয়টি প্রশাসন নিশ্চিত হয়েছে। তবে কারা এসব হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর নাকচ করেছেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এলাকার হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। তাদের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শতাধিক বাড়িতে হামলার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

নড়াইলের ঘটনার মতো দিনাজপুরের একটি পুরোনো ভিডিও নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের পারিবারিক স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, বিএনপি ও জামায়াতের লোকজন তার স্বপ্নপুরী ভাঙচুর করেছেন এবং পারিবারিক মসজিদে আগুন দিয়েছেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি শিবলী সাদিকের পারিবারিক স্থাপনার নয় এবং এটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্যও নয়। একটি ইলেকট্রনিক গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত পুরোনো প্রতিবেদনের ফুটেজের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া গেছে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাকে কেন্দ্র করে নানা ধরনের অপতথ্য ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, মিছিল-সমাবেশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানসহ বিভিন্ন সহিংসতার ঘটনা নিয়ে পুরোনো ছবি ও ভিডিও নতুন করে প্রচার করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সম্পাদিত ছবি, ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি এবং এআই দিয়ে তৈরি দৃশ্যও ব্যবহার করা হয়েছে।

সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও যাচাই করে একাধিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান অসংগতি পেয়েছে। ২০২৪ সালের ১৩ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে ডিসমিসল্যাব জানায়, সংখ্যালঘুদের ওপর হামলার দাবি তুলে ছড়ানো কয়েকটি ভিডিও আসলে পুরোনো এবং ভিন্ন ঘটনার। এর মধ্যে আওয়ামী লীগের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ভিডিওকে সংখ্যালঘুদের ওপর হামলা হিসেবে প্রচার এবং ২০২৩ সালের ছাত্রলীগের একটি মিছিলকে ঢাকায় হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ মিছিল বলে চালানোর ঘটনাও ছিল।

এ ছাড়া ২০২৫ সালের জুলাইয়ে গোপালগঞ্জে সংঘর্ষের পর পুরোনো ছবি ও ভিডিও নতুন ঘটনার দৃশ্য হিসেবে প্রচারের বিষয়টি উঠে আসে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেকে। ডিসমিসল্যাবের ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের অপতথ্যবিষয়ক বিশ্লেষণেও রাজনৈতিক সমাবেশ, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় পুরোনো ছবি-ভিডিও ব্যবহারের প্রবণতা উঠে এসেছে। ওই বিশ্লেষণে দেখা যায়, সে প্রান্তিকে যাচাই করা অপতথ্যের বড় অংশই ছিল ভিডিওনির্ভর।

এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক খোলা কাগজকে বলেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। অথচ গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে। তিনি বলেন, ৫ আগস্ট বঙ্গভবন থেকেই রাজনৈতিক নেতারা দেশবাসীকে সহিংসতা, প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। কারণ, প্রতিশোধের রাজনীতি গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে পারে। তারাও একই আহ্বান জানিয়েছিলেন এবং দেশের মানুষও তা মেনে চলেছে।

সাইফুল হক বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও উত্তেজনা তৈরির চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ এবং ভারতের বিজেপি ও উগ্রবাদীরা ধারাবাহিকভাবে বাংলাদেশে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু মানুষ কোনো উসকানিতে পা দেয়নি।’ 

তিনি বলেন, ‘কোথাও হামলা বা আক্রমণের ঘটনা ঘটলে তারা তার নিন্দা জানান। তবে কিছু ঘটনা সাম্প্রদায়িক কারণে ঘটেনি; সংশ্লিষ্ট ব্যক্তিদের আওয়ামী লীগের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এসব ঘটনা ঘটেছে। রাজনৈতিক কারণে হলেও এমন হামলা অনাকাক্সিক্ষত। সাম্প্রদায়িক কারণে কোনো হামলা তারা অতীতেও সমর্থন করেননি, এখনো করবেন না।’ 

তিনি আরও বলেন, ‘কোনো উসকানিতে পা দেওয়া যাবে না, প্রতিহিংসা বা প্রতিশোধের পথেও যাওয়া যাবে না। কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সংবেদনশীল এলাকাগুলোতে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনকেও দায়িত্ব নিতে হবে।
সাইফুল হক বলেন, আওয়ামী লীগ বা ভারত যেই সাম্প্রদায়িকতার কার্ড খেলুক, তা সফল হতে দেওয়া হবে না। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।’ 

অন্যদিকে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক খোলা কাগজকে বলেন, দেশে চলমান সংঘাত ও সহিংসতায় ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেখানে মুসলিম পরিচয় সামনে আনলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, সেখানে মুসলিম কার্ড ব্যবহার করা হচ্ছে। আবার যেখানে হিন্দু পরিচয় সামনে আনলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়, সেখানে হিন্দু কার্ড ব্যবহার করা হচ্ছে। এ ধরনের প্রবণতা বাংলাদেশে নতুন নয়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা বিরোধী অবস্থানে থাকে, তারা বিভিন্ন ঘটনাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করে। কোনো ঘটনাকে পুঁজি করে মানুষের মধ্যে রাজনৈতিক অনুভূতি তৈরি, জনমত নিজেদের পক্ষে নেওয়া কিংবা পক্ষ-বিপক্ষের অবস্থান তৈরির কৌশল দীর্ঘদিন ধরেই রাজনীতিতে দেখা যাচ্ছে। এসব ক্ষেত্রে ধর্মীয় পরিচয় ও অনুভূতিকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

ড. তৌহিদুল হক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কোনটি সঠিক তথ্য আর কোনটি অপতথ্য বা মিথ্যা খবর, তা যাচাই করার সক্ষমতা সবার নেই। এ সুযোগে বিভিন্ন রাজনৈতিক দলের পেজসহ নানা মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি এবং রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে।’ 

তিনি বলেন, ‘সংঘাত ও সহিংসতার শুরু থেকেই সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের দায়িত্ব ছিল প্রকৃত ঘটনা দ্রুত যাচাই করে গণমাধ্যমের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। কারণ, বাংলাদেশের সমাজে সাম্প্রদায়িকতা ও অসাম্প্রদায়িকতার বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। মানুষ এসব ঘটনা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করে। রাজনৈতিক দলগুলোও নিজেদের এজেন্ডা বাস্তবায়নে এসব বিষয়কে কাজে লাগিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা করে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা কোনো ধরনের সংঘাত বা সহিংসতা চাই না। কোনো ধর্ম বা বিশ্বাসের মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে। ধর্মীয় অনুভূতি বা পরিচয়কে কাজে লাগিয়ে যারা সংঘাত-সহিংসতা সৃষ্টি করছে এবং অপপ্রচার চালাচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।’


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  সাম্প্রদায়িক অপপ্রচার   রাজনৈতিক সহিংসতা   ভুয়া ভিডিও   সংখ্যালঘু নিরাপত্তা   সাম্প্রদায়িক সম্প্রীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close