দেশে হামের প্রাদুর্ভাব কমছেই না। বরং মৃত্যু ও রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় (গত শনিবার থেকে গতকাল সকাল পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে— যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যাও।
তথ্য বলছে, চলতি মাসের শুরুতে, ১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৪৯। নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। গতকাল পর্যন্ত উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৭ হয়েছে; অর্থাৎ নভেম্বরের প্রথম ২২ দিনে উপসর্গে মৃত্যু হয়েছে ৯৮ জনের। নিশ্চিত হামে মৃত্যু এই সময়ে বাড়েনি।
বিশেষজ্ঞরা বলছেন, মূলত হামের টিকা কার্যক্রমে ব্যাহত হওয়ায় এ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এটি অত্যন্ত সংক্রমণ রোগ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
জনস্বাস্থ্যবিদেরা এর পেছনে নিয়মিত টিকাদানের ঘাটতি ও শিশুদের মধ্যে টিকার আওতার বাইরে থেকে যাওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখেছেন। বিশেষ করে এক বছরের কম বয়সি শিশুদের মধ্যে ঝুঁকি বেশি। হামের সংক্রমণ ঠেকাতে টিকার দুটি ডোজ গুরুত্বপূর্ণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল হামের ক্ষেত্রে বাংলাদেশকে একটি বেদনাদায়ক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কোনো শিশুর হাম বা এমন রোগে ভোগা উচিত নয়, যা সহজেই টিকা দিয়ে প্রতিরোধ করা যায়। এ ক্ষেত্রে বাংলাদেশ একটি বেদনাদায়ক উদাহরণ, যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে টিকাদানের বিষয়ে সতর্কতা কখনো শিথিল করা যাবে না।
ক্যাথরিন রাসেল বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে টিকা থেকে সুরক্ষার ঘাটতি থাকলে খুব দ্রুত রোগ ছড়িয়ে পড়তে পারে। জরুরি হাম টিকাদান কর্মসূচির ফলে সংক্রমণ অনেক কমেছে, তবে এখনো নতুন রোগী শনাক্ত হচ্ছে।
তার পরামর্শ, নিয়মিত টিকাদানের হার ধারাবাহিকভাবে উচ্চপর্যায়ে রাখতে হবে। হামের টিকার দুই ডোজ ও অন্যান্য অ্যান্টিজেনের ক্ষেত্রে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হবে। একই সঙ্গে টিকার সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে এবং সময়মতো টিকা পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। বাদ পড়া শিশুদের বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। রোগ দ্রুত শনাক্ত করা এবং চিকিৎসার ব্যবস্থাও জোরদার করতে হবে। টিকাদানের হার সাময়িকভাবে কমলেও হাম দ্রুত ফিরে আসে এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদের বড় আকারে আঘাত হানে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২।
আবার বাড়ছে রোগীর সংখ্যা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে; অর্থাৎ একদিনে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৩৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ জনের। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে ৫০৩ জন। চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ বছর পরিস্থিতি ভয়াবহ
বাংলাদেশে এ বছর হামে যতজনের মৃত্যু বা সংক্রমণ হয়েছে, তা দেশের ইতিহাসে ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছিল ১৩২ জন। ২০২৪ সালে ২৪৭, ২০২৩ সালে ২৮২, ২০২২ সালে ৩১১ এবং ২০২১ সালে ২০৩ জনের হাম শনাক্ত হয়েছিল।
এর আগে ২০০৫ সালে দেশে ২৫ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়েছিল। আড়াই দশকের মধ্যে সেটিই ছিল সর্বোচ্চ। কিন্তু ২০২৬ সালে পরিস্থিতি আগের সব বছরের তুলনায় ভয়াবহ হয়েছে। এ বছরের প্রাদুর্ভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বেড়েছে।
বছরের শুরুতে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করে। পরে তা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়।
সাবেক অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে হামের টিকাদানে চরম অবহেলা দেখানো হয়। চলতি বছরের শুরু থেকেই হামের সংক্রমণ বাড়লেও সরকার এটা নিয়ন্ত্রণে তেমন কিছুই করেনি। এপ্রিল মাসে গণটিকাদানের ব্যবস্থা করা হয়েছিল বটে; কিন্তু সেখানে ৪০ লাখ শিশু বাদ পড়ে যায়। দেশের ইতিহাসে এমন ঘটনাও আগে ঘটেনি। ওই দফায় টিকা দিতে এই ব্যর্থতার কারণেই এখনো সংক্রমণ ও মৃত্যু ঘটে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি এর প্রধান উপসর্গ। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি, নিউমোনিয়া ও অন্যান্য জটিলতা দেখা দিলে মৃত্যুর ঝুঁকি বাড়ে।
কেকে/সাশ