দেশের তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভে কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। গত ১৮ দিনের শ্রম অস্থিরতায় পোশাক খাতে ৪২ কোটি ডলারের ক্ষতি হয়েছে, টাকার অংকে যা প্রায় ৫ হাজার ৩৩৮ কোটি ৪৪ লাখ। ৩১৭টি কারখানার তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হলেও ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণও আরও বেশি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গতকালই এ তথ্য প্রকাশ করেছে। এখনো ধারবাহিকভাবে সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। নিরাপত্তা ও অস্থিরতার কারণে অনেক কারখানা বন্ধ রাখা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ সংকটের ক্ষতি তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববাজারে দেশের পোশাকশিল্পের ওপর দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা, ভাবমূর্তি ও ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তর এর বড় ইঙ্গিত। দেশের অর্থনীতি এবং লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট থেকে উত্তরণ জরুরি বলে মনে করে বিজিএমইএ। শিল্পের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার
শ্রমিক অস্থিতিশীলতার কারণে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে উৎপাদন ব্যাহত হয়েছে ৩১৭টি পোশাক কারখানায়। এতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বাংলাদেশের কারখানাগুলোর জন্য নিশ্চিত করা ২৫৪ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা। বিজিএমইএর সদস্য কারখানাগুলোর ওপর পরিচালিত জরুরি জরিপে এ তথ্য উঠে এসেছে।
অস্থিতিশীল পরিস্থিতিতে পোশাক কারখানাগুলোর ক্ষয়ক্ষতির চিত্র জানতে গত চার দিন ধরে জরিপ চালায় সংগঠনটি। এখন পর্যন্ত ৩১৭টি কারখানা জানিয়েছে- তাদের উৎপাদন কার্যক্রম এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার, যা হিসাব করা হয়েছে রপ্তানি পণ্যের এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গড় বিনিময় হার (১২৪ টাকা ৭৩ পয়সা) অনুযায়ী যা প্রায় ৫ হাজার ৩৩৮ কোটি ৪৪ লাখ টাকা। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ঝুঁকির মুখে পড়েছে রপ্তানি আদেশও। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বাড়তি খরচে বিমানে পণ্য পাঠাতে হচ্ছে কারখানাগুলোকে। ক্রেতাদের দিতে হচ্ছে মূল্যছাড়। কিছু ক্ষেত্রে রপ্তানি আদেশ বাতিলের পরিস্থিতিও তৈরি হয়েছে।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, বাংলাদেশের পোশাক খাতের প্রতি ক্রেতাদের আস্থা কমছে। পড়ছে নেতিবাচক প্রভাব। ক্রেতারা ইতোমধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব আদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি ১৪ লাখ টাকা। জরিপে উঠে আসা ক্ষতির পরিসংখ্যান প্রকৃত পরিস্থিতির খণ্ডচিত্র মাত্র। তাদের হিসাবে ক্ষতিগ্রস্ত কারখানা সংখ্যা ৬০০-এর বেশি। তবে স্বল্প সময়ের জরিপে তথ্য দিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। এছাড়া জরিপের হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এ অবস্থায় দেশের অর্থনীতি এবং লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট থেকে উত্তরণ জরুরি বলে মনে করে বিজিএমইএ। শিল্পের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
গতকাল রোববারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা সড়কে নেমে এলে এ এলাকার ১৩টি কারখানা ছুটি ঘোষণা করে মালিক কর্তৃপক্ষ। বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড পোশাক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন। কর্তৃপক্ষ প্রথমে শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করে সকাল সাড়ে ১০টার দিকে ছুটি দিয়ে দেয় কারখানাটি। পরে আশপাশের আরও ৫টি কারখানা ছুটি ঘোষণা করা হলে ওইসব কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেওয়ায় আশপাডা মোড়ে সাবলাইন পোশাক কারখানার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে পুলিশ।
বাস-ট্রাক ভাঙচুর, ভিডিও করতেই সাংবাদিককে হুমকি
গতকাল দুপুরে মহাসড়ক অবরোধের ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেন শ্রমিকরা। এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়ার হুমকি দেন তারা। পরে পুলিশ ধাওয়া দিলে তারা সড়ক ছেড়ে চলে যান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের নতুনবাজার এলাকার ইউটার্নে অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় বাস ও ট্রাকের সামনের গ্লাস ভাংচুর করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।
কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে : মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, তৈরি পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। সরকার শ্রমবান্ধব নীতিমালাকে প্রাধান্য দিয়েছে। আশা করি, আলাপ-আলোচনা ও সবকিছু বিবেচনার মাধ্যমে মজুরি বোর্ড যৌক্তিক, ন্যায্য ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে। শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রাখতে চায় সরকার। তারা যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণ করবেন, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সরকারের লক্ষ্য শ্রমিকরা যেন ভালো থাকেন। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের ভাগ্য পরিবর্তন হবে। গতকাল ঢাকার একটি কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন, কারখানার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হলে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আদেশ পূরণ করা কঠিন হয়ে পড়ে। এতে পণ্য সরবরাহে বিলম্বের পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। একইসঙ্গে কারখানার নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।
উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে কিছুদিন ধরেই বিভিন্ন শিল্পাঞ্চলগুলোয় শ্রমিক আন্দোলন চলছে। গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব জমা দেয়। বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা, যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠিত হলেও বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা কমিয়ে তিন বছর করে ।
কেকে/সাশ