গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসানকে ‘দানব’ উল্লেখ করে তার ভয়াবহ নির্মমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরলেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কয়েকশ ব্যক্তিকে গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল (আর্গুমেন্ট) যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।ৎ
জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও এই মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপনের মাধ্যমে জিয়াউল আহসানের গুম-খুনের নির্মমতা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ ছাড়া এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ড তুলে ধরা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে উঠে এসেছে— সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন।
রক্ত যেন গায়ে না লাগে সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া। সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্র্যাইব্যুনালকে বলেন, আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো অপরাধী বিশ্ব ইতিহাসে বিরল। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে।
তিনি বলেন, ‘এত অভিযোগ থাকা সত্ত্বেও জিয়াউল আহসান বারবার পদোন্নতি পেয়েছেন এবং মেজর জেনারেল হয়েছেন। নিজ বাহিনীতে না ফিরে দীর্ঘদিন তৎকালীন র্যাবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।’
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। গতকাল যুক্তি উপস্থাপনটি ট্রাইব্যুনালের ‘অনুমতি সাপেক্ষে’ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
জিয়াউল আহসানের গুম-খুনের মামলার কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ ট্র্যাইব্যুনালে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল।
শুনানিতে উপস্থিত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকেই এ মামলায় প্রসিকিউশনের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুক্ত হয়েছে।
তিনি বলেন, ‘যার বিচার হচ্ছে তিনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। কিন্তু দু-একজন ব্যক্তির ঘৃণ্য অপরাধের কারণে পুরো সুশৃঙ্খল বাহিনীর সম্মানহানি হতে পারে না। এই বিচারের দৃশ্যমান দৃষ্টান্ত নিশ্চিত করাই রাষ্ট্রের উদ্দেশ্য, যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রীয় পদ-পদবি ব্যবহার করে এমন মানবতাবিরোধী অপরাধ করার সাহস না পায়।’
তিনি আরও বলেন, ‘জিয়াউল আহসান কেবল পদোন্নতিই পাননি, বিপুল পরিমাণ অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন—যার বিচার দুদকে আলাদাভাবে চলছে। একটি হত্যাকাণ্ড ধামাচাপা দিতে কতটা নির্মম ও জটিল প্রক্রিয়া তারা অনুসরণ করেছিল, তা আর্গুমেন্টে ধারাবাহিকভাবে উন্মোচন করা হবে। আমরা শুধু দেশের আইন নয়, আন্তর্জাতিক আদালত ও বিভিন্ন দেশের ট্রাইব্যুনালের নজির টেনে যুক্তিতর্ক তুলে ধরব।’
মামলাটির তদন্তের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের দুর্ভোগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ভুক্তভোগীদের মরদেহ কিংবা সরাসরি কোনো চিহ্ন না থাকায় তদন্ত অত্যন্ত জটিল ছিল। সেনাবাহিনীর সহায়তায় সংশ্লিষ্ট সাবেক র্যাব কর্মকর্তাদের ডেকে এনে দিনের পর দিন নিবিড় জিজ্ঞাসাবাদ চালানো হয়। টানা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পঞ্চম দিনে এসে একজন কর্মকর্তা ভেঙে পড়েন এবং সত্য স্বীকার করেন।’
তাজুল ইসলাম জানান, ওই কর্মকর্তার দেওয়া তথ্যের সূত্র ধরেই বরগুনার চরদোয়ানিকেন্দ্রিক কয়েকশ মানুষকে গুম ও হত্যার ঘটনা তদন্তে বেরিয়ে আসে।
তিনি বলেন, ‘ভুক্তভোগী পরিবারগুলো আজও জানে না তাদের প্রিয়জনদের কোথায় হত্যা করে গুম করা হয়েছে। প্রসিকিউশন টিমের সঙ্গে সংহতি জানিয়ে এবং আমাদের অভিজ্ঞতার আলোকে পাশে থাকতেই এখানে আসা। এই বিচার নিশ্চিতের মাধ্যমেই জাতিকে গুমের সংস্কৃতি থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনোই না ঘটে।’
কেকে/সাশ