গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ভয়ঙ্কর সব পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষ লক্ষ্মীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত এমএ তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি কথোপকথনের অডিও রেকর্ডিং ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রায় তিন মিনিটের ওই রেকর্ডিংয়ে তাকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা এবং গেরিলা বাহিনী গড়ে তোলার বিষয়ে কথা বলতে শোনা গেছে। মামুন নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে বিপ্লব বিএনপি-জামায়াতের প্রধান প্রধান কমপক্ষে দশজনকে হত্যা করার নির্দেশনা দেন। যদিও বিপ্লব অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন।
এদিকে গোয়েন্দা সূত্র বলছে, ডিসেম্বর ঘিরে অন্তত ১০টি জেলায় ব্যাপক নাশকতা চালানোর ছক কষেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে এসব জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২৯ ও ৩০ নভেম্বর ডাকা লকডাউনকে কেন্দ্র করেও সহিংসতা ও নাশকতার আশঙ্কা রয়েছে। তবে নিষিদ্ধ সংগঠনটির কোনো রাজনৈতিক কর্মসূচি করতে না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি, লকডাউন ঘোষণা এবং নাশকতা নিয়ে এমনিতেই দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সম্পতি গোপালগঞ্জে দুটি থানা ও একটি হাসপাতাল জ্বালিয়ে দেওয়াসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে চারজন হত্যার শিকার হয়েছে। জুলাই আন্দোলনে সক্রিয় থাকা অনেককে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। অনেকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিবহনে অগ্নিসংযোগ করা হচ্ছে। বর্তমান সরকারকে অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিএনপি ও জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল নাশকতা এবং অস্থিতিশীলতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়েছে।
গেরিলা বাহিনী গড়ে ১০ জনকে মেরে ফেলার নির্দেশনা
লক্ষ্মীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত এমএ তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা এবং গেরিলা বাহিনী গড়ে তোলার বিষয়ে কথা বলতে শোনা যায়। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) ভাইরাল হয়। মামুন নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে বিপ্লবকে বলতে শোনা যায়, গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এমএ তাহেরের বড় ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা কমিটির সাবেক সভাপতি। তার ছোট ভাই একেএম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
রেকর্ডিংয়ে যা শোনা যায়
রেকর্ডিংয়ের শুরুতে বিপ্লবকে মামুনের সঙ্গে কুশল বিনিময় করতে শোনা যায়। এ সময় তিনি জানান, জেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। টিপুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর থেকে সংগঠনের কার্যক্রম এলোমেলো হয়ে পড়েছে। তিনি রাজনীতি ছেড়ে সামাজিক কাজে যুক্ত হওয়ার কথা ভাবলেও দেশের বর্তমান পরিস্থিতিতে ছোট ভাইকে সহযোগিতা করতে আবারও সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কথোপকথনের একপর্যায়ে বিপ্লব বলেন, সামনে ধরো গেরিলা যুদ্ধ-টুদ্ধ হবে, এ রকম পরিস্থিতি হইতাছে আস্তে আস্তে। এরপর নিজেদের এলাকার দুই-তিনটি ইউনিয়ন থেকে দেড়শ লোক জড়ো করে একটি নির্দিষ্ট স্থানে মিছিলের মতো কর্মসূচি করার পরিকল্পনার কথা বলেন তিনি। তার প্রস্তাব অনুযায়ী, মুখ ঢেকে গেরিলাদের মতো পোশাক পরে ব্যানার নিয়ে স্লোগান দিয়ে এক-দুই মিনিটের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে। রেকর্ডিংয়ের অন্য একটি অংশে বিপ্লবকে আরও বলতে শোনা যায়, ৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইবো। এরপর বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দাড়ুম-দুড়ুম বাড়িঘর জ্বালাই দিবো, কিন্তু কোনো কুরআন শরিফ ঘরে আছে কি না, জায়নামাজ, টুপি এগুলো বের করতে হবে। কোনো বউ-বাচ্চা, বৃদ্ধ-বয়স্ক মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
কথোপকথনে বিএনপি নেতাকর্মীদের হত্যার পর তাদের লাশ নিয়ে যাওয়ার কথাও বলতে শোনা যায়। এ ছাড়া কয়েকজনকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা এবং এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার নির্দেশনাও দেন তিনি বলে রেকর্ডিংয়ে শোনা যায়। আরেক পর্যায়ে বিপ্লবকে একটি মিছিলের ব্যানার তৈরির বিষয়ে কথা বলতে শোনা যায়। সেখানে শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও তার বাবা এমএ তাহেরের ছবি রাখার কথা বলেন তিনি। ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ শিরোনাম ব্যবহারের প্রস্তাবও দেন। রেকর্ডিংয়ের শেষদিকে বিপ্লব আবারও পাঁচ-ছয়জন বিশ্বস্ত গেরিলা সদস্য প্রস্তুত রাখার কথা বলেন। তাদের সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখতে এবং লক্ষ্মীপুরে অবস্থান করতে হবে বলে উল্লেখ করেন। পরিস্থিতি অনুকূলে এলে তার সংকেত অনুযায়ী হামলা চালানোর কথাও বলতে শোনা যায় তাকে। যদিও অডিওর বিষয়ে আফতাব উদ্দিন বিপ্লব গণমাধ্যমকে বলেন, রেকর্ডিংটি আমারও নজরে এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনো হচ্ছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, রেকর্ডিংটি আমাদের নজরে এসেছে। আমরা কাজ করছি। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এসব বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে।
ঝুঁকিপূর্ণ ১০ জেলায় সতর্ক প্রশাসন
২৯ ও ৩০ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ১০ জেলায় সহিংসতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলেছে, নিষিদ্ধ সংগঠনকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। ঝুঁকির তালিকায় রয়েছে- গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, ফরিদপুর, বাগেরহাট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও নেত্রকোনা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্রের দাবি, কয়েকটি এলাকায় গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরির পরিকল্পনা থাকতে পারে।
কেকে/সাশ