রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এই অভিযোগপত্রে হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে উঠে এসেছে নতুন তথ্য।
শুরুতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, বাড়ির ছাদে ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যা করে গ্রেপ্তার দুই আসামি। কিন্তু দীর্ঘ তদন্ত শেষে পুলিশের দাবি, ইয়াবা সেবনের দৃশ্য নয়, মূলত বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকার চুরির পরিকল্পনা থেকেই সংঘটিত হয় নৃশংস এই হত্যাকাণ্ড।
পুলিশের নতুন অভিযোগপত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই এবং মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তার অভিযোগ, শুধু টাকা ও গয়না চুরির জন্য পরিবারের চার সদস্যকে হত্যার ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ থাকতে পারে। ফলে এই হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেছেন। এতে প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তে ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং ৬৬টি আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডে এই দুজন ছাড়া অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি।
নতুন তদন্ত অনুযায়ী উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গণপতি চক্রবর্তী অবসরে যাওয়ার পর ব্যাংক থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন— এমন আলোচনা এলাকায় ছড়িয়ে পড়ে। এছাড়া তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বিভিন্ন সময় স্বর্ণালংকার পরে চলাফেরা করতেন। এসব তথ্য থেকেই বাড়িতে চুরির পরিকল্পনা করে প্রতিবেশী সিদ্ধার্থ ও মুগ্ধ। ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ ওই বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ে বলে তদন্তে উঠে এসেছে।
তিনি জানান, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করে দুই আসামি। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিল। এ সময় ইয়াবাও সেবন করে তারা। একপর্যায়ে ছাদে শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাকে দেখে ফেলে। তখন ধস্তাধস্তির এক পর্যায়ে তার গলায় থাকা গামছা দিয়েই শ্বাসরোধে গণপতিকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী। তাদেরও হত্যা করা হয়। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যায় তারা।
পুলিশের দাবি, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গণপতির অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকার আলোচনা থাকলেও তদন্তে তার প্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় ২০ লাখ টাকা পাওয়া গেছে। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে, যা বর্তমানে জব্দ অবস্থায় আছে।
যেভাবে বদলে গেল হত্যার কারণ
চার সদস্যের মরদেহ উদ্ধারের পরপরই তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানিয়েছিলেন, বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে গিয়ে পরিবারের সদস্যদের চোখে পড়ে যায় সিদ্ধার্থ ও মুগ্ধ। বিষয়টি দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তী এবং পরে তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যা করে তারা। পরবর্তী সময়ে দুই আসামির গ্রেপ্তার ও আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টিও সামনে আসে। কিন্তু বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে পুলিশের নতুন ব্যাখ্যায় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য হিসেবে উঠে এসেছে চুরির পরিকল্পনা। অর্থাৎ, আসামিরা ইয়াবা সেবন করলেও সেটি হত্যাকাণ্ডের মূল কারণ ছিল না; বরং চুরিতে বাধা দেওয়ায় একে একে চারজনকে হত্যা করা হয়েছে।
ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় কী মিলেছে
তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার ফলাফল। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন নমুনা সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং সিগারেটের অবশিষ্টাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে। এসব আলামত, সাক্ষীদের বক্তব্য, আসামিদের স্বীকারোক্তি ও উদ্ধার হওয়া গয়না পর্যালোচনা করেই অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চার্জশিটে সন্তুষ্ট নন মামলার বাদী
এদিকে পুলিশের তদন্ত ও অভিযোগপত্রে সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই এবং মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তার অভিযোগ, শুধু টাকা ও গয়না চুরির জন্য পরিবারের চার সদস্যকে হত্যার ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ থাকতে পারে। শুরু থেকেই তিনি বলে আসছেন, দুই আসামির পক্ষে একাই পরিবারের চার সদস্যকে হত্যা করা সম্ভব নয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। পুলিশের দেওয়া ব্যাখ্যাকে তিনি ‘খোঁড়া অজুহাত’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তভার নেয় মহানগর ডিবি পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আলোচিত এই হত্যাকাণ্ডে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে আসামিদের পাশাপাশি অন্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দারা ও মানবাধিকার সংগঠনগুলো।
কেকে/সাশ