শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      
খোলাকাগজ স্পেশাল
দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা!
জিয়াউল হক ইমন, চট্টগ্রাম
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় গোপন আস্তানা গড়ে দেশীয় অস্ত্র তৈরি ও আগ্নেয়াস্ত্র মজুতের তৎপরতা আবারও সামনে এসেছে। সর্বশেষ ফটিকছড়ির ভুজপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হানের’ আস্তানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে জেলা পুলিশ।

ধারাবাহিক অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি একনলা বন্দুক, গুলি, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামও। এসব ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় রায়হানকে আটক করা যায়নি। গত কয়েক সপ্তাহে জেলা পুলিশ ও এসআরবি-৭-এর পৃথক অভিযানে ফটিকছড়ি, সীতাকুণ্ড ও রাউজান থেকে আরও অস্ত্র ও সরঞ্জামসহ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গত ২২ নভেম্বর থেকে ভূজপুরের সুয়াবিল ইউনিয়নে রায়হান ও তার সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়। পরদিন ২৩ নভেম্বর সুয়াবিলের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ।

ওই কারখানা থেকে অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড ও স্প্রিং উদ্ধার করা হয়। জব্দ করা হয় ড্রিল ও গ্রাইন্ডার মেশিনসহ নানা সরঞ্জাম। পাশাপাশি ১২টি শটগানের কার্তুজ ও দুটি খালি খোসা উদ্ধার হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা পাহাড়ের গভীরে সরে যান বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, ওই দিন সন্ধ্যা পৌনে আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন রায়হান ও তার সহযোগীরা। সুয়াবিলের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাদের গতিরোধ করেন। এ সময় গুলি ছোড়া হলে ছয়জন আহত হন। তখন সহযোগীদের বহনকারী সিএনজিচালক জাবেদ হোসেনকে (২৫) আটক করেন স্থানীয় বাসিন্দারা। এরপর ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালায়। গত ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভূজপুরের কালাইয়ারটেক এলাকা থেকে এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও শটগানের ১০টি সিসার কার্তুজ উদ্ধার করা হয়।

তাদের তথ্যে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়ি থেকে মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বন্দুকটি এজাহার মিয়ার এবং গুলিগুলো রায়হানের।

পরে সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার একটি বাড়ি থেকে মো. মহররম আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে, রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান ওই বাড়িতে ছিলেন। চলে যাওয়ার সময় অস্ত্রগুলো মহররমের কাছে রেখে যান তিনি। এ ছাড়া কাজীরহাট এলাকা থেকে জনার্দন দেকে (৬৫) গ্রেপ্তার করা হয়। তার কাছে আরেকটি পিস্তল থাকার তথ্য মিললেও সেটি সরিয়ে ফেলায় উদ্ধার করা যায়নি।

পুলিশ জানায়, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে দেড় ডজনের বেশি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক বড় সাজ্জাদ ও কারাবন্দি ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। 

অন্যদিকে, গত শনিবার সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৯ নম্বর সমাজের দিনার ঘোনা এলাকার একটি ঘরে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়। জব্দ করা হয় দুটি ওয়াকিটকি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। এ সময় কামরুল হাসান, আশিকুর রহমান, রুমন ও আমির হোসেনকে আটক করা হয়। আটক কামরুল হাসানকে ছাত্রদলের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন। এ ছাড়া গত ২৩ নভেম্বর দুপুর পৌনে দুইটার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুরের মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) ১৩ নম্বর কক্ষে অভিযান চালায় এসআরবি-৭। সেখান থেকে অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. খোরশেদ আলম রনিকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরাতন লোহার পিস্তল পাওয়া যায়। পাশাপাশি শয়নকক্ষ থেকে স্টিলের তৈরি ম্যাগাজিনযুক্ত একটি পিস্তলসদৃশ্য বস্তু ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এর আগে গত ১ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে রাউজান পৌরসভার ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়ক থেকে আব্দুর রহিম বাদশাকে (৩২) গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ। তিনি ডাবুয়া ইউনিয়নের হিংগলা নতুনপাড়ার বাসিন্দা। তার কাছ থেকে ‘মেইড ইন ইউএসএ’ লেখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনের তাকে আদালতে পাঠানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, দুর্গম পাহাড়ি এলাকার ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে অপরাধীরা গোপনে অস্ত্র তৈরি ও মজুতের চেষ্টা করছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  দুর্গম পাহাড়   অস্ত্র ব্যবসায়   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close