রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
প্রাণচাঞ্চল্য ফিরছে শিল্পাঞ্চলে
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘদিনের শ্রমিক আন্দোলন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার উত্তাপ কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে দেশের শিল্পাঞ্চলে। বিশেষ করে গাজীপুর, নারায়ণঞ্জ ও সাভারে স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে ফেরেন পোশাকশ্রমিকরা। বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেওয়া হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে ফিরেছে উৎপাদন ও কর্মচাঞ্চল্য। 

গতকাল সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার, টঙ্গীর সাতাইশ, গাজীপুরা, সদর উপজেলার বাংলা বাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। জেলার কোথাও নতুন করে আন্দোলন, বিক্ষোভ, সড়ক অবরোধ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও অব্যাহত রয়েছে।

নতুন মজুরিতে আমরা খুশি: শ্রমিকদের উচ্ছ্বাস : টঙ্গীর ভিয়ালাটেক্স কারখানার শ্রমিক বাবুল, খসরু মিয়া ও ফাতেমা আক্তার বলেন, নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আনন্দের সঙ্গে কাজ করব। পোশাকশ্রমিক স্বপ্না ও বৃষ্টি আক্তার বলেন, আগে যে বেতন পেতাম, তা দিয়ে মাসের খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া বেশি, বাজারে জিনিসপত্রের দামও বেশি। এখন নতুন মজুরিতে আমরা কিছুটা স্বস্তি পাব বলে আশা করছি। শ্রমিকদের এই প্রত্যাবর্তনকে শিল্পাঞ্চলের স্থিতিশীলতার ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন কারখানা সংশ্লিষ্টরা।

উৎপাদন সচল হওয়ায় স্বস্তি কারখানা মালিকদের : কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান গণমাধ্যমকে বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে বেরিয়ে এসে আনন্দের সঙ্গে কারখানায় যোগ দিচ্ছেন। এতে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরে এসেছে। সরকারের নির্ধারিত মজুরিতে শ্রমিকরা সন্তুষ্ট। তিনি বলেন, কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকরা—দুই পক্ষই ভালো থাকব। দেশের পোশাকশিল্পও এগিয়ে যাবে। প্রায় এক মাস ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছিল। এ সময় বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হয়, কোথাও ছুটি ঘোষণা করা হয়, আবার কোথাও শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শিল্পাঞ্চলের বিপুলসংখ্যক কারখানায় উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়ায় শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

সাভার-আশুলিয়ায়ও শান্তিপূর্ণ পরিবেশ : শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। গতকাল সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। কোথাও কোনো ধরনের শ্রমিক অসন্তোষ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনি ও আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইল ও আশপাশের শিল্প এলাকায় শ্রমিকদের কর্মস্থলে যেতে দেখা যায়। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন শ্রমিকরা। কারখানাগুলোতেও স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে। 

শ্রমিকরা জানান, আগের দিনের তুলনায় কর্মপরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। মজুরি বোর্ড বেতন বৃদ্ধির জন্য আনন্দ উচ্ছ্বসিত হয়ে সাভারে আল মুসলিম গ্রুপ গার্মেন্টসে শ্রমিকরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

রাজেন্দ্রপুর এলাকায় টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ : গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুরের বাংলা বাজার এলাকার নোমান শিল্প গ্রুপের নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেড কারখানা গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গতকাল সকালে ৪০০-৫০০ শ্রমিক কারখানার সামনে এসে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবি জানান। পরে তারা পাশের স্টারলিং গ্রুপের লায়লা স্টাইলস কারখানার গেটে ধাক্কা ধাক্কি করলে কর্তৃপক্ষ সকাল ৯টার দিকে ছুটি দিতে বাধ্য হয়। পরে শ্রমিকদের বিক্ষোভের খরব পেয়ে ওই এলাকার জিএম ফেব্রিক্স, ইপিলিয়ন, আম্বার টেক্সটাইল, হাবিতুস গার্মেন্টস বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। বিক্ষোভকারী শ্রমিকরা আম্বার টেক্সটাইলের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে।

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী : গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে গাজীপুরের গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, শিরিরচালা, বাঘের বাজার, শ্রীপুরের গড়গড়িয়া মাষ্টারবাড়ি, আসপাডা, আনসার রোড, বেড়াইদেরচালা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে বাকি কারখানাগুলো উৎপাদনে ফিরেছে। তিনি আরও জানান, গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, এসআরবি এবং আনসার ব্যাটালিয়ানের সদস্যরা কাজ করছেন। সকাল থেকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

শিল্প রক্ষায় স্থিতিশীলতার প্রত্যাশা : বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অস্থিরতার পর গতকাল সকালে শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে ফেরার দৃশ্য গাজীপুরের শিল্পাঞ্চলে নতুন আশার সঞ্চার করেছে। এখন এ স্বস্তি স্থায়ী করতে শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা, দায়িত্বশীল আচরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন জরুরি। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি, কারখানার উৎপাদন এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হওয়ার পাশাপাশি কারখানায় নিয়মিত উৎপাদন বজায় থাকলে কর্মসংস্থান ও দেশের রপ্তানি খাত উপকৃত হবে।

কেকে/ এসএমএন   


আরও সংবাদ   বিষয়:  গার্মেন্টস শ্রমিক   শিল্পাঞ্চল   শ্রমিক আন্দোলন   ন্যূনতম মজুরি   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close