দেশজুড়ে আবারও সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী ২৯ ও ৩০ নভেম্বর দলটির ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে নাশকতার ছক তৈরি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।
নাশকতা প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং সাদাপোশাকের পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মাঠে সম্পৃক্ত করা হয়েছে। এরই মধ্যে রাজধানীর প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ডিসেম্বরজুড়ে একটি নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের নাশকতা ঠেকানো এবং ডিসেম্বরে জাতীয় দিবস ও রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে মাঠ পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ
আগামী ২৯ ও ৩০ নভেম্বর নিষিদ্ধ সংগঠনকে কোনো কর্মসূচি করতে না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর বলছে, নিষিদ্ধ সংগঠনকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। সামগ্রিক বিষয়ে গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এরই মধ্যে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে ১৯ নভেম্বর অনলাইনে সারা দেশে কথিত লকডাউনের ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এর রেশ না কাটতেই আগামী ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৮ নভেম্বর দুপুরের পর থেকে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা করছে পুলিশ। সারা দেশে সহিংসতা তৈরির পাশাপাশি রাজধানীতেও নিজেদের শক্তির জানান দিতে চায় আওয়ামী লীগ। এর অংশ হিসেবে ৩০ নভেম্বর রাজধানীকে কার্যত অবরুদ্ধ করে ফেলার চেষ্টা করতে পারে দলটির নেতাকর্মীরা। গোয়েন্দাদের আশঙ্কা, ডিসেম্বরেও বড় ধরনের নাশকতার চেষ্টা হতে পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাজনৈতিক নেতারা হামলার লক্ষ্য হতে পারেন। এ পরিস্থিতিতে পুলিশ প্রশাসনে রদবদলও করা হয়েছে।
ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ ছয়টি জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার বিজিবি সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, মোতায়েনকৃত বাহিনীর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, কক্সবাজারে সাত প্লাটুন এবং চট্টগ্রামে তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের ছুটি বাতিল
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং সাদা পোশাকের পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মাঠে সম্পৃক্ত করা হয়েছে। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন জেলার গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এসব নাশকতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাভাবিক সময়ে যারা বিশ্রাম বা ছুটিতে ব্যারাকে থাকতেন, তাদেরও দায়িত্বের আওতায় আনা হয়েছে। প্রতিটি ফায়ার সার্ভিস স্টেশনে একটি দল স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যাতে অগ্নিসংযোগের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে ছুটে যেতে পারে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (মিডিয়া) শাজাহান শিকদার বলেন, রাজধানীসহ সারা দেশে রাজনৈতিক সহিংসতা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা মোকাবিলায় স্টেশনগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সব ছুটি বাতিল করা হয়েছে। ব্যারাকে অবস্থানরত কর্মীদের বিশ্রামও এখন ডিউটির আওতায় আনা হয়েছে। প্রতিটি স্টেশনে একটি দল প্রস্তুত রাখা হয়েছে, যাতে যানবাহনে অগ্নিসংযোগের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায়।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপকারীদের হাতেনাতে আটক করতে সাদা পোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদেরও মাঠে রাখা হচ্ছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্র জানিয়েছে। ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে পৃথক কৌশল নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করে দুর্বৃত্তদের প্রতিরোধের চেষ্টা চলছে। নাশকতাকারীদের শনাক্ত ও আটক করতে বিভিন্ন পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।
জেলায় জেলায় গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে থানার আধা কিলোমিটারের মধ্যে প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়া পারভেজ হোসেন (২০) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে শহরের কলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বি এম হারুন-অর-রশিদকে বুধবার রাতে আটক করে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বগুড়ার নন্দীগ্রামে বুধবার রাতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে রাজবাড়ীর পাংশায় ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা রুখতে সারা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রতিটি জেলা ও মেট্রোপলিটন পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম বলেন, যে কোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো চক্র শনাক্তে আমাদের সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করছে। জননিরাপত্তা বিঘ্নকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।
কেকে/সাশ