রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা অব্যাহত, টার্গেট গুরুত্বপূর্ণ স্থাপনা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা নাশকতায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে লগি-বৈঠার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নাশকতার বহুমুখী নীলনকশাও তৈরি করা হয়েছে। তাদের এই পরিকল্পনা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। রাজনৈতিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি এবার বিশেষ নজরদারিতে আসছে শিল্পাঞ্চল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক আয়োজন। কারণ, এরই মধ্যে তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থপনাকে হামলার টার্গেক করেছে। ফলে সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব ঘটনায় নিরাপত্তা নিয়েও জনমনে আতঙ্ক বাড়ছে।

সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সামাজিকমাধ্যমে গুজব রুখতে জোরদার করা হয়েছে সাইবার নজরদারি। আওয়ামী লীগের একের পর এক কর্মসূচির ঘোষণা, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির পাল্টা মাঠে থাকার ঘোষণায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

পুলিশ সদর দপ্তরের হিসাবে, গত ৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১০০টি ককটেল বিস্ফোরণ এবং ৯২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের চারটি স্থাপনা ও ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় ৪৬টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে। 

নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, নাশকতা প্রতিরোধের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন ও জনজীবন স্বাভাবিক রাখাও জরুরি। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা জনসমাগমস্থল হামলার লক্ষ্যবস্তু হলে সাধারণ মানুষের জীবনযাত্রার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হয়। এতে বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইন প্রয়োগে নিরপেক্ষতা, পেশাদারত্ব এবং মানুষের স্বাভাবিক চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

নাশকতার নীলনকশা প্রতিরোধে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী : গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য সামনে এসেছে। যানবাহনে অগ্নিসংযোগ, লগি-বৈঠার মহড়া, টার্গেট করে হামলা ও পুলিশ বাহিনীর ভেতরে গোপন সহযোগিতার অভিযোগ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, পুলিশ বাহিনীর তথ্য পাচার ও ভেতর থেকে গোপনে ফ্যাসিস্টদের সহায়তার সঙ্গে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করে তাদের ওপর গোয়েন্দা নজরদারিও শুরু হয়েছে। চলছে শুদ্ধি অভিযানও। এরই মধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান ও মো. রকিবুল হাসানকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। 

বিদেশে বসে নাশকতায় অর্থের জোগান : সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ সাভার, আশুলিয়া ও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল হামলা, লগি-বৈঠার মহড়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু করে লুটপাট ও ভাঙচুরের বেশকিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। শীর্ষস্থানীয় অনেক নেতা দেশের বাইরে অবস্থান করে দেশে পাচার করে নেওয়া অর্থ হুন্ডি এবং মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ) মাধ্যমে দেশে পাঠাচ্ছেন। কেউ আবার দেশে থাকা সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করে অর্থের জোগান দিচ্ছেন। এই অর্থ ব্যবহৃত হচ্ছে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরির কাজে।

কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তায় লিখিত অঙ্গীকারনামা : মেট্রোরেলের পাশের ভবনমালিক ও নিরাপত্তাকর্মীদের বাড়তি সতর্ক থাকতে বলা হচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে এর সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ। কোথাও লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে মৌখিক নির্দেশনা। অঙ্গীকারনামায় শুধু ভবনের নিরাপত্তা নিশ্চিত করার কথা নয়, বরং ছাদ ও সংরক্ষিত এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, মেট্রোরেলের দিকে সরাসরি পর্যবেক্ষণ ঠেকানো এবং সন্দেহভাজন ব্যক্তির তথ্য পুলিশকে জানানোর মতো একাধিক শর্ত রয়েছে। শর্ত পালনে ব্যর্থ হলে ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে আশপাশের ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

বিভিন্ন স্থানে নাশকতা : দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বাস, রাজনৈতিক কার্যালয় ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, রাজশাহী, নাটোর ও রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে গোপালগঞ্জে ব্যাপক নাশকতা চালানো হয়। গত শুক্রবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদের কাছেই বাসস্ট্যান্ডে পার্কিংয়ে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একইদিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীর মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে রূপগঞ্জের বলাইখা এবং শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় ইউটার্ন এলাকায় ঘটনা দুটি ঘটে। 

এমপির বাড়িতে পেট্রোলবোমা ও জুলাই স্মৃতিস্তম্ভে আগুন : সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে গতকাল ভোরে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া শনিবার ভোরে নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার ভোরে চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে হামলায় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় কয়েকটি গুলিও ছোড়া হয়।

ওসিকে ফোনে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি : গত শুক্রবার লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। একই দিনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাও ফেসবুক লাইভে এসে ওই ওসিকে হুমকি দেন। হুমকিদাতা দুজন হলেন- রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খান।

যা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও সংশ্লিষ্টরা : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।’ দেশের কোথাও অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর। শনিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, ‘নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি শুধু প্রচলিত রাজনৈতিক কর্মসূচি বা সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। যেসব প্রতিষ্ঠান, সংগঠন বা প্ল্যাটফর্মকে ব্যবহার করে নাশকতার পরিকল্পনা, অর্থায়ন কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হতে পারে, সেগুলোর কার্যক্রম সম্পর্কেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক থাকতে হবে।’   

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  নাশকতা   রাজনৈতিক সহিংসতা   আওয়ামী লীগ   আইনশৃঙ্খলা পরিস্থিতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close