শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
নানা নাটকীয়তায় শেষ হলো আপিল
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:৫৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শেষ হয়েছে। শুক্রবার ছিল রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল আবেদনের শেষ দিন। 

এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলে আবেদন। তবে সন্ধ্যা ৬টার সময়ও দেখা যায় আপিলকারীদের দীর্ঘ লাইন। জানা গেছে শেষ দিনে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৩১ জন আপিল করেছেন।

এদিকে আপিলের শেষ দিনেও চলে নানা নাটকীয়তা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একইদিন বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত। গতকাল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে পাল্টাপাল্টি এ আপিল করে দু’পক্ষ।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বলেন, ‘নির্ধারিত সময়ে উভয় পক্ষ তাদের আপিল ও আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আপিলগুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।’

এ ছাড়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করে আরেটি পক্ষ। 

এর আগে বৃহস্পতিবার বিএনপির প্রার্থী মঞ্জুরুলের নাম ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্ত ও প্রকাশ না করতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের করা পৃথক আবেদনের (লিভ টু আপিল) শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই রায় দেন।

সরেজমিন দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রার্থীরা অস্থায়ী বুথগুলোর সামনে দাঁড়িয়ে আপিল আবেদন ও কাগজপত্র জমা দিচ্ছেন। দুপুর সোয়া ১২টার দিকে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান আপিল করেন। তিনি জানান, ন্যায়বিচারের প্রত্যাশায় নির্বাচন কমিশনে আপিল করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। এ উপলক্ষে মনোনয়নপত্র জমা দেন সম্ভাব্য প্রার্থীরা। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন জানায়, সারা দেশের ৩০০ সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ব্যালট পেপার পরিবহনে বিশেষ নিরাপত্তা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী পরিবহন ও বিতরণে কঠোর নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার জারি করা এক পরিপত্রে ঢাকা থেকে জেলা, জেলা থেকে উপজেলা এবং উপজেলা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত প্রতিটি ধাপে নির্বাচনি দ্রব্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহন নিশ্চিত করতে সবাইকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা অনুসারে ব্যালট পেপার মুদ্রণ করা হবে। ইতোমধ্যে ডাকভোটে (ওসিভি ও আইসিপিভি) অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ভোটারদের প্রয়োজনীয় পোস্টাল, ব্যালট মুদ্রণ ও বিতরণ করা হয়েছে। সাধারণ ব্যালট পেপার মুদ্রিত হবে ঢাকার তেজগাঁওয়ের বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে।

নির্দেশনা অনুযায়ী, ব্যালট পেপার গ্রহণের জন্য প্রতিটি নির্বাচনি আসন থেকে রিটার্নিং অফিসারের পক্ষে একজন সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের পক্ষে একজন প্রথম শ্রেণির কর্মকর্তাকে ঢাকায় পাঠাতে হবে। তাদের সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত লিখিত ক্ষমতাপত্র ও প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী থাকতে হবে। একই সঙ্গে, ব্যালট পেপার গ্রহণের সময় প্রতিনিধিদের অবশ্যই প্রার্থীদের নাম ও প্রতীকসহ চূড়ান্ত তালিকা (ফরম-৫) মিলিয়ে দেখতে হবে। কোনো ভুল থাকলে তাৎক্ষণিকভাবে সংশোধন করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, ভোটগ্রহণের আগের দিন সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসাররা তাদের ভোটকেন্দ্রের ব্যালট পেপার ও অন্যান্য সামগ্রী গ্রহণ করবেন। ভোটকেন্দ্রে সামগ্রী পৌঁছানোর পর ভোটগ্রহণের আগের দিন প্রিজাইডিং অফিসারের অনুমতিসাপেক্ষে এক-দুজন সহকারী ছাড়া বাকি সব কর্মকর্তা ভোটকেন্দ্রেই অবস্থান করবেন। তাদেরও নির্বাচনি সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়ভাবে ক্রয় করা যাবে এমন কিছু মনিহারি দ্রব্যের তালিকাও পরিপত্রে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বলপয়েন্ট কলম, সাদা ও কার্বন কাগজ, ছুরি, সুতা, মোমবাতি, দিয়াশলাই, গামপট, স্ট্যাম্প, প্যাডের কালি এবং বিভিন্ন নির্দেশনামূলক প্লেকার্ড। এসব সামগ্রী স্থানীয়ভাবে ক্রয় বা মুদ্রণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এ ছাড়া, নির্বাচনি কাজে ব্যবহৃত সব ফরম, প্যাকেট, ম্যানুয়েল, পোস্টার ও লিফলেট গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে সংগ্রহ করতে হবে। এ ছাড়া স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, অমোচনীয় কালির কলম, হেসিয়ান ব্যাগ ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ক্রয়ের জন্য প্রিজাইডিং অফিসারদের নগদ অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে জেলায় সব নির্বাচনি সামগ্রী পৌঁছানোর পর সেগুলো পরীক্ষা করতে হবে। কোনো ঘাটতি, অতিরিক্ত বা অসংগতি ধরা পড়লে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। 

নির্বাচন ও গণভোটে সিলের কোড নম্বর গোপন রাখার নির্দেশ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যালট পেপার, অফিসিয়াল সিল ও ব্রাস সিলসহ সব নির্বাচনি সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার  রাতে এমন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা ওই পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রভিত্তিক বিতরণ করা নির্বাচনি সামগ্রী পৌঁছানোর পর আগের পরিপত্রের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী সব ফরম, প্যাকেট, খাম ও অন্যান্য দ্রব্যাদি সঠিকভাবে যাচাই করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি হলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পরিপত্রে ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস বা সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ফরম-৫ অনুযায়ী প্রার্থীর নাম ও প্রতীক মিলিয়ে দেখতে হবে। প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিতরণের আগ পর্যন্ত ব্যালট পেপার নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং সব পর্যায়ে গোপনীয়তা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসিয়াল সিল ও ব্রাস সিলে থাকা নিরাপত্তামূলক কোড নম্বর সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করতে হবে। কোন ভোটকেন্দ্রে কোন কোড নম্বরের সিল সরবরাহ করা হচ্ছে, তা কেন্দ্রভিত্তিক বিতরণ রেজিস্টারে লিখতে হবে এবং প্রতিটি সিলের ছাপ সংরক্ষণ করতে হবে। ভোটকেন্দ্রে ব্যবহৃত সিলের কোড নম্বর, কক্ষ নম্বর ও সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের নাম উল্লেখ করে একটি খামে সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

একই সঙ্গে, ভোটকেন্দ্রে নির্বাচনি মালামাল পরিবহনের জন্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি হেসিয়ান বড় ব্যাগ (চটের বস্তা) এবং সিল ও অন্যান্য দ্রব্যের জন্য হেসিয়ান ছোট ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে। ভোটগ্রহণ শেষে অফিসিয়াল সিল ও মনিহারী সামগ্রী ছোট ব্যাগে সিলগালা করে বড় ব্যাগের সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটগ্রহণ শেষে সব সিলমোহরকৃত হেসিয়ান ব্যাগে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের নাম ও নম্বর দৃশ্যমানভাবে সংযুক্ত করতে হবে এবং পর্যাপ্ত পুলিশ প্রহরায় দ্রুত রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনি মালামাল হস্তান্তর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।  

ঢাকা মহানগরীর ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি। প্রতীক নিতে প্রার্থী নিজে বা মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। তবে এক্ষেত্রে একজন প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ৩ জন প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের অনুমতি পাবেন। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। প্রতীক বিতরণ হবে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসের সভাকক্ষে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-৪ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে সকাল ৯টায়। ঢাকা-৫ আসনের জন্য প্রতীক বরাদ্দের সময় সকাল ৯টা ৩০ মিনিট। ঢাকা-৬ আসনের প্রতীক বিতরণ শুরু হবে সকাল ১০টায়। ঢাকা-৭ আসনে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। ঢাকা-৮ আসনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টায়। ঢাকা-৯ আসনের প্রতীক বিতরণ হবে সকাল ১১টা ৩০ মিনিটে।

ঢাকা-১০ আসনের প্রতীক বরাদ্দ কার্যক্রম দুপুর ১২টায় এবং ঢাকা-১১ আসনের জন্য দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা-১২ আসনের প্রার্থীদের প্রতীক দেওয়া হবে দুপুর ১টায়। এছাড়া ঢাকা-১৪ আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে দুপুর ১টা ৩০ মিনিটে। ঢাকা-১৬ আসনের জন্য সময় দুপুর ২টায়। ঢাকা-১৭ আসনের প্রতীক বিতরণ কার্যক্রম শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। ঢাকা-১৮ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে বিকেল ৩টায়। এ আসনের ১টি মনোনয়ন আগেই স্থগিত ঘোষণা করা হয়েছে, তবে বাকি বৈধ প্রার্থীরা প্রতীক গ্রহণে অংশ নেবেন।

প্রসঙ্গত, ঢাকা মহানগরীর ১৩ আসনে মোট ২৫৩টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল, এর মধ্যে ১৭৪টি সময়মতো দাখিল করা হয়। যাচাই-বাছাই শেষে ১১৯টি বৈধ ঘোষণা করা হয়েছে, ৫৪টি বাতিল এবং ১টি স্থগিত রাখা হয়। বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, প্রতীক বরাদ্দ প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইন অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইসি   নাটকীয়তা   আপিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close