রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা ইসির
আলতাফ হোসেন
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:৩৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি, আইনশৃঙ্খলা প্রস্তুতি এবং প্রার্থীদের প্রতিক্রিয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা বেড়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে বড় সংখ্যক প্রার্থিতা ফিরে পাওয়া যেমন আলোচনায় এসেছে, তেমনি নির্বাচন ঘিরে সম্ভাব্য যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
 
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রশাসনের ভূমিকা ও রাজনৈতিক প্রতিযোগিতার ধরন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যে কোনো ধরনের সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে জোরালো ও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে কমিশন।

গতকাল ‎েরাববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার ব্রিগে. জেনা. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় বর্ডার গার্ড, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তর, ডিজিএফআই, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার ও র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)সহ বিভিন্ন সশস্ত্র বাহিনীর মহাপরিচালকসহ প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, সভায় নির্বাচন কমিশনার নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশ্ত করা হবে না বলে স্পষ্ট করেন। তিনি মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় আরও জানানো হয়, ভোটের আগে ও ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকার কোনো বিকল্প নেই।

মনোনয়ন গ্রহণ-বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮ আপিল মঞ্জুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সাতটি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অপর ছয়টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। ইসি আরো জানায়, গত শনিবার অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। 

এর আগে শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫২টি আপিল। নামঞ্জুর করা হয়েছে ১৫টি আপিল। এছাড়া তিনটি আপিল মুলতবি রাখা হয় বলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান।

ইসি জানায়, আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া, আপিলের রায়ের অনুলিপি শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।

১০, ১১ ও ১২ জানুয়ারির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি দেওয়া হবে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির রায়ের অনুলিপি ১৫ জানুয়ারি দেওয়া হবে। এছাড়া ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির রায়ের অনুলিপি ১৮ জানুয়ারি দেওয়া হবে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যে কোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সই করা এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচারণা চালালে কঠোর শাস্তি

ব্যালটের গোপনীয়তা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ডাকযোগে পাঠানো ব্যালটের খামে কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচারে অংশ নিলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে ইসি। রোববার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী সব ভোটারকে অবহিত করা যাচ্ছে যে, আপনার ব্যালট পেপার শুধু আপনি সংগ্রহ করুন। ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

আমাকে বিরোধিতা করতে যে কূটকৌশল হয়েছে, তা অশুভ ইঙ্গিত : মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। বৈধতা পাওয়ার পরে মান্না তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমাকে বিরোধিতা করতে যে কূটকৌশল করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। গতকাল রোববার নির্বাচন ভবনে বিকালে এমন প্রতিক্রিয়া জানান তিনি। 

মাহমুদুর রহমান মান্না বলেন, প্রার্থিতা যাচাই-বাছাইয়ের উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয়, বরং ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া। আইন অনুযায়ী, মনোনয়নপত্রে ত্রুটি থাকলে তাৎক্ষণিক সংশোধন কিংবা সময় দিয়ে ঠিক করার সুযোগ রয়েছে। এমনকি হলফনামায় ভুল থাকলেও সম্পূরক হলফনামা দেওয়ার বিধান আছে।

তিনি বলেন, আমার বাড়ি বগুড়ায়। আমি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছি। এবারও যখন করছি, তখন আমাকে বিরোধিতা করতে যে মবোক্রেসি করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায়। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।

প্রতিদ্বন্দ্বীদের নাম উল্লেখ না করে মান্না বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। তবে কোমরের নিচে আঘাত করে কাউকে হারানোর চেষ্টা রাজনীতি নয়। ষড়যন্ত্র করে জেতা যায় না। গণতন্ত্রের লড়াই দীর্ঘস্থায়ী হলে ষড়যন্ত্র টিকে না। আজকের রায় তার প্রমাণ।

বিএনপির সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, এখনো তাদের মনোনয়ন দেওয়া প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। কিন্তু আমি আশা প্রকাশ করি, যেহেতু আমাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করাই স্বাভাবিক নিয়ম হবে।

হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির কাজী রফিকুল

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নিয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল রোববার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে কাজী রফিকুল ইসলামের আর কোনা আইনগত বাধা রইল না। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   সহিংসতা   নির্দেশনা   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close