মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
খোলাকাগজ স্পেশাল
শপথের অপেক্ষায় নবনির্বাচিতরা
প্রণব আচার্য্য
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি ও মিত্র দল পেয়েছে ২১৪ আসন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোট পেয়েছে ৭৭ আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ও স্বতন্ত্র সাত প্রার্থী জয় পেয়েছেন। যদিও পরে দুই আসনের ফলাফল স্থগিত করা হয়।

এদিকে নতুন সংসদ সদস্যদের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় সংসদ ভবন। নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে এ প্রস্তুতি নিয়ে রেখেছে সংসদ সচিবালয়। ২০২৪ সালের ৫ অগাস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনায় ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামতও করা হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে হবে এবং কে পড়াবেন এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। 

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি, যা আমাদের সাধারণ দায়িত্বও বটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পরেই শপথ অনুষ্ঠান হবে।”

সংবিধানের অনুচ্ছেদ ১৪৮(২ক) অনুযায়ী, নির্বাচনের ফল গেজেটে প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

তবে বিএনপি একক দল হিসেবে পেয়েছে ২১১টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে। এ ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করে দুইটিতেই জয় পেয়েছেন। এ ছাড়া জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও নিজ নিজ আসনে জয় পেয়েছেন। 

নির্বাচনি ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে আধিপত্য দেখিয়েছে বিএনপি। অন্যদিকে উত্তরবঙ্গে ভালো ফল করেছে জামায়াত। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধায় দলটির সাফল্য অভাবিত। এ ছাড়া ঝিনাইদহ, মেহেরপুর, সাতক্ষীরা, খুলনায়ও দলটি ভালো করেছে।

যেসব আসনে জয়ী এনসিপির প্রার্থীরা : 

১১-দলীয় নির্বাচনি ঐক্যের দল এনসিপি। গতকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, দলটির যে ছয় প্রার্থী হয়েছেন, তারা হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ। ঢাকা-১১ আসনে জিতেছেন নাহিদ ইসলাম, তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। রংপুর-৪ আসনে জিতেছেন আখতার হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। কুমিল্লা-৪ আসনে জিতেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট। নোয়াখালী-৬ আসনে জিতেছেন আবদুল হান্নান মাসউদ। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। নারায়ণগঞ্জ-৪ আসনে জিতেছেন আব্দুল্লাহ আল আমিন। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট। কুড়িগ্রাম-২ আসনে জিতেছেন আতিকুর রহমান মোজাহিদ। তিনি পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ ভোট। 

সাত স্বতন্ত্র প্রার্থী : 

নির্বাচনে সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা সবাই বিএনপির নেতা ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ কারণে তারা নিজ নিজ এলাকায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে পরিচিত।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। 

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৬০৪ ভোট। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র আব্দুল হান্নান বিজয়ী হয়েছেন। উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত হান্নান পেয়েছেন ৭৪ হাজার ১৭৫ ভোট। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম ওরফে শাওন কলস প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। 

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর। বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি ১ লাখ ৭ হাজার ২৪১ ভোট পেয়েছেন। দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট। 

আরও যারা জয়ী হয়েছেন : 

এদিকে জামায়াত জোটের বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে দুটি আসন পেয়েছে। দলটির সাইদ উদ্দিন আহমাদ হানজালা মাদারীপুর-১ ও মুহাম্মদুল্লাহ ময়মনসিংহ-২ আসন থেকে জয়ী হয়েছেন। জামায়াত জোটের খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীকে একটি আসনে জয় পেয়েছে। সিলেট-৫ আসনে জয়ী হয়েছেন মোহাম্মদ আবুল হাসান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ হাতপাখা প্রতীকে বরগুনা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। 

বিএনপি জোটের গণঅধিকার পরিষদের মো. নুরুল হক নুর ট্রাক প্রতীকে পটুয়াখালী-৩ আসন থেকে জয়ী হয়েছেন। বিএনপি জোটের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকে নির্বাচিত হয়েছেন। বিএনপি জোটের গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাথাল প্রতীকে জয় পেয়েছেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শপথের অপেক্ষা   নবনির্বাচিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close