মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
আলতাফ হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৩২ এএম আপডেট: ১২.০৩.২০২৬ ৯:৫৫ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। তবে এবার অধিবেশনের শুরুই হচ্ছে এক ব্যতিক্রমী পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় প্রচলিত নিয়মে কেউ সভাপতিত্ব করছেন না। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা তারেক রহমানের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে এ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং তার আহ্বানেই একজন সংসদ সদস্য প্রথম দিনের কার্যক্রমে সভাপতিত্ব করবেন। এরপর সেই সভাপতির অধীনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এ ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। 
সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতিবছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন শুরুর আগের দিন বুধবার সরকারি দলের সংসদীয় দলের সভায় প্রারম্ভিক সভাপতিসহ স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, অধিবেশনের শুরুতে সংসদ নেতা স্বাগত বক্তব্য দেবেন এবং বিধি অনুযায়ী কে সভায় সভাপতিত্ব করবেন সে বিষয়ে আহ্বান জানাবেন। তার ভাষায়, এ অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সাধারণত সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালিত হয়। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিএনপির নেতারা জানিয়েছেন, অধিবেশনের শুরুতে সংসদ নেতা হিসেবে তারেক রহমান একজন সদস্যকে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করবেন এবং তিনিই সেই সদস্য নির্ধারণ করবেন।

সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, অধিবেশন শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর সংসদ নেতা সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। সেই প্রস্তাব আরেকজন সদস্য সমর্থন করলে তিনি অস্থায়ীভাবে অধিবেশনের সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকেই সংসদ সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী অস্থায়ী সভাপতির অধীনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দুই পদই সাধারণত সরকারি দলের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। তবে অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রব্যবস্থা সংস্কারের উদ্যোগ হিসেবে ঘোষিত ‘জুলাই সনদে’ ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল থেকে নেওয়ার প্রস্তাব রাখা হয়।

নির্বাচনের পর ওই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণপরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টি আলোচনায় এলেও বিএনপি তা গ্রহণ করেনি। দলটির বক্তব্য, বিদ্যমান সংবিধানে এমন কোনো বিধান না থাকায় গণপরিষদ সদস্য হিসেবে আলাদা করে শপথ নেওয়ার প্রয়োজন নেই।

তবে রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব দেয় বিএনপি। সেই অনুযায়ী বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ওই পদ গ্রহণের আহ্বান জানানো হয়। কিন্তু দলটি প্রস্তাবটি গ্রহণ করেনি।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি আগে চূড়ান্ত হওয়া প্রয়োজন। তার মতে, এ অবস্থায় ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করা উপযুক্ত হবে না এবং বিষয়টি সংসদে আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত।

বিএনপি নেতারা বলেন, যদি স্পিকার ও ডেপুটি স্পিকার পদে একাধিক প্রার্থী না থাকেন, তবে কণ্ঠভোটের মাধ্যমেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হবে। ওই বিরতিতে সংসদ ভবনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

শপথ গ্রহণের পর নতুন স্পিকারের সভাপতিত্বে আবারও অধিবেশন শুরু হবে। এরপর সংসদের পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উত্থাপন এবং কয়েকটি সংসদীয় কমিটি গঠনের বিষয়টি আলোচনায় আসবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। ওই কমিটি বাছাই করে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো বহাল রাখার সুপারিশ করবে এবং বাকিগুলো বাতিল বা ল্যাপ্স হয়ে যাবে। এরপর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হবে এবং প্রথম দিনের অধিবেশন মুলতবি হবে।

প্রথমবার সংসদে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ ২২৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৬ জন সংসদ সদস্য গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন। এবারের সংসদে সরকার ও বিরোধী দলসহ নির্বাচনে জয়ী প্রায় সব দলের শীর্ষ নেতৃত্বই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এর ফলে সংসদের নেতৃত্ব পর্যায়েই এসেছে নতুনত্বের ছাপ। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা এবারই প্রথম জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
 
শুধু শীর্ষ নেতৃত্বই নয়, সামগ্রিকভাবেই এবারের সংসদে নতুন মুখের সংখ্যা অনেক বেশি। নির্বাচিত মোট ২৯৬ জন সংসদ সদস্যের মধ্যে ২২৭ জনই প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন; যা ত্রয়োদশ জাতীয় সংসদকে সাম্প্রতিক সময়ের অন্যতম নতুন ও ব্যতিক্রমী সংসদে পরিণত করেছে।

১৩৩ অধ্যাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ১৮ মাস মেয়াদে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। সরকারের ওয়েবসাইট পর্যালোচনায় দেখা যায়, ৫ আগস্টের পর থেকে ২০২৪ সালে মোট ১৭টি, ২০২৫ সালে ৮০টি এবং ২০২৬ সালে ৩৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধিকাংশ অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই গ্রহণ করা হবে। জাতীয় সংসদের সব কার্যক্রম নিয়মনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই পরিচালিত করতে চায় বিএনপি। কোনো কিছু সংসদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, আরোপিত কোনো আদেশ, যেগুলো জবরদস্তিমূলকভাবে দেওয়া হয়েছে, সেগুলো আমরা গ্রহণ করব না। জাতীয় ঐক্য ও রাজনৈতিক সমঝোতা জোরদার করতে সরকার একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নেবে।

অধিবেশন ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আজ রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে। 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সংসদ অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় সংসদ ভবনে আগমন করবেন। এ জন্য উড়োজাহাজ মোড়, খেজুরবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিংসংলগ্ন এলাকায় যানবাহনের চাপ বেশি হবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন উড়োজাহাজ মোড়ে ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে।

এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন খেজুরবাগানে বাঁয়ে মোড় নিতে পারবে না। এসব যানবাহন ফার্মগেট হয়ে বিকল্প পথে গন্তব্যে যেতে হবে। এদিকে উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে। ডিএমপির পক্ষ থেকে যানবাহন চালকদের সম্ভাব্য যানজট এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরদিনই ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে হয় সংসদ অধিবেশন। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ প্রথম অধিবেশন থেকে শুরু করে পরবর্তী ৫ বছর। সে হিসেবে আগামী ২০৩১ সালের মার্চ পর্যন্ত মেয়াদ থাকবে এ সংসদের। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। সরকারদলীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ত্রয়োদশ জাতীয় সংসদ   প্রথম অধিবেশন   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close