মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      
খোলাকাগজ স্পেশাল
অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি ভোগাবে সড়কে
শরিফ আহমেদ ইমন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:০৯ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের আনন্দ, মিলন ও পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত হলেও, বাড়ি ফেরা অনেকের জন্য হয়ে ওঠে এক অবর্ণনীয় ভোগান্তি। ঈদযাত্রায় টিকিট সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায় এবং সড়কে চাঁদাবাজির শিকার হতে পারেন সাধারণ যাত্রীরা। তবে এবার সরকার, হাইওয়ে ও মহানগর পুলিশ এই সমস্যার সমাধানে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। 

ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামবে না, দক্ষ চালক ছাড়া গাড়ি চালানো যাবে না এবং গুরুত্বপূর্ণ বাস টার্মিনালে যাত্রী সহায়তার জন্য ‘হেল্পডেস্ক’ স্থাপন করা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া এবং চাঁদাবাজি প্রতিরোধের পাশাপাশি নিরাপদ, স্বচ্ছন্দ এবং মনোরম ঈদযাত্রা নিশ্চিত করতে চায় সরকার।

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মো. রফিকুল হাসান গণি বলেছেন, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 

ফিকুল হাসান গণি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ঈদ। এ উৎসব পালন করতে ঢাকা ছেড়ে গ্রামে যায় মানুষজন। ৬০ লাখ মানুষ ৩-৪ দিনের মধ্যে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলে যাবে, এটা সম্ভব নয়। 

রাস্তাও আমাদের বাড়ানো সম্ভব নয়। সুতরাং এ রাস্তাগুলোই কিভাবে সঠিক ব্যবহার করা যায়, সেটি নিয়ে কাজ করতে হবে। হাইওয়ে ডিআইজি বলেন, ঈদযাত্রায় রাস্তা দখল, রাস্তা পারাপার, গাড়ির ফিটনেস নেই, অতিরিক্ত যাত্রী বহনসহ নানা সমস্যা দেখা দেয়। ফিটনেসবিহীন কোনো গাড়ি সড়কে চলাচল করা যাবে না। এ ছাড়া দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে না দেওয়ার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, মহাসড়কে কোনো ধরনের গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই। এ ছাড়া মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো দোকান বসতে না পারে, এজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন হাইওয়ের এই ডিআইজি। 

‘লক্কড়ঝক্কড়’ বাস চলাচল নিয়ে পুলিশের কড়া বার্তা : 

ঈদযাত্রায় সড়কে ফিটনেসবিহীন ‘লক্কড়ঝক্কড়’ বাস চলাচলে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, এসব বাস যেন রাস্তায় নামতে না পারে সেজন্য বিআরটিএ ও ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। 

এবারের ঈদযাত্রা গতবারের চেয়েও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। গতকাল দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি। 

সড়কে যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন ‘লক্কড়ঝক্কড়’ বাস উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এই বাসগুলো হাইওয়েতে নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বাস মেরামতের জায়গায় নজরদারি চালানো হবে। 

তিনি বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেওয়া হবে না। লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। ঘুম চোখে কেউ গাড়ি চালাবেন না। দুর্ঘটনা এড়াতে কোনো চালক যেন ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি না চালায় সেজন্য প্রতি বাসে দুজন চালক রাখার নির্দেশনাও দেন পুলিশের এ কর্মকর্তা।
 
ডিএমপি কমিশনার জানান, আসন্ন ঈদে ঢাকার যাত্রা সহজ করতে বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া রোড পর্যন্ত ‘ওয়ানওয়ে’ (একমুখী) যানচলাচল চালু করার সম্ভাবনাও রয়েছে। এছাড়া ঢাকা বাইপাস রোড খোলা রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে। বিশেষ করে আব্দুল্লাহপুর, গাবতলী ও সায়েদাবাদে মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। 

বাস টার্মিনালগুলোতে যাত্রীদের সহায়তায় ‘হেল্পডেস্ক’ স্থাপনের অনুরোধ জানিয়েছেন কমিশনার। 

তিনি জানান, সেখানে বাসের ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া এবং কোনো বাসের শিডিউল বিপর্যয় হলে তা দ্রুত যাত্রীদের জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া টার্মিনালগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি করপোরেশনের সহায়তা চাওয়া হয়েছে। 

টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি, এসবি এবং র‌্যাব মোতায়েন থাকবে। এছাড়া সন্দেহভাজন বস্তু তল্লাশিতে ডগ স্কোয়াড এবং বিশেষ পরিস্থিতিতে সোয়াট টিম প্রস্তুত থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে মাউন্টেন পুলিশও (অশ্বারোহী) দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। 

অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ, সিটি করপোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মাঠে থাকবেন এবং মলম পার্টি বা ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
 
সড়কে চাঁদাবাজি বাসে বাড়তি ভাড়া চলবে না : 

আসন্ন ঈদযাত্রায় সড়ক নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত রাখা হবে। ঈদযাত্রীদের কোনোরকম হয়রানি করা যাবে না। বাসে বাড়তি ভাড়া আদায় করা যাবে না। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে ঢাকার সব বাস টার্মিনালে স্থাপন করা হবে ‘প্যাসেঞ্জার হেল্প ডেক্স’। যাত্রীরা সেখানে অভিযোগ জানাতে পারবেন। 

গতকাল রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় এসব কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
 
‘ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে’ এ মতবিনিময় সভার আয়োজন করে মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সভায় ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন জেলায় যাতায়াত করা পরিবহন মালিক, চালক ও তাদের সহকারীরা অংশ নেন। 

সভায় সাইফুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। এর মধ্যে অন্যতম মহাখালী, সায়েদাবাদ, গাবতলী বাস টার্মিনালে ‘প্যাসেঞ্জার হেল্প ডেক্স’ স্থাপন করা। কোনো বাসে অতিরিক্ত ভাড়া নিলে যাত্রীরা হেল্প ডেক্সে অভিযোগ জানাতে পারবেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অতিরিক্ত ভাড়া   চাঁদাবাজি   ঈদযাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close