রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচনী প্রচারণায় পরিবেশ ভাবনা, কলাগাছে ফেস্টুন জসিমের
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ২:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনী প্রচারণা মানেই ব্যানার-ফেস্টুন আর গাছে পেরেক—এই প্রচলিত চিত্রের বাইরে গিয়ে পরিবেশ সচেতনতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে গাছে পেরেক বা তার ব্যবহার না করে কলাগাছে সুতা দিয়ে ফেস্টুন টানিয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন জসিম উদ্দিন।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জসিম উদ্দিন ঈদ উপলক্ষে তার ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন টানান। তবে প্রচলিত নিয়মে গাছের গায়ে পেরেক বা লোহার তার ব্যবহার না করে তিনি পরিবেশবান্ধব পদ্ধতি বেছে নেন।

কাঠজাত বৃক্ষের ক্ষতি এড়াতে তিনি কলাগাছে সুতা দিয়ে ফেস্টুন বেঁধে দেন। কোথাও কোথাও বাঁশের খুঁটি ব্যবহার করেও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। ফলে গাছের ক্ষতি না করেই প্রচারণা চালানো সম্ভব হয়েছে—এমন ধারণাই এখন ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

এলাকাবাসীর ভাষ্য, সাধারণত প্রচারণার সময় গাছের গায়ে পেরেক বা তার ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে গাছের জন্য ক্ষতিকর। কিন্তু জসিম উদ্দিন সেই প্রচলিত ধারা ভেঙে পরিবেশের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘আগে ফেস্টুন লাগাতে গিয়ে গাছে পেরেক মারা হতো, যা গাছের জন্য ক্ষতিকর। এবার আমি চেষ্টা করেছি, যেন কোনো গাছের ক্ষতি না হয়। যেখানে সম্ভব হয়েছে, কলাগাছ ব্যবহার করেছি বা সুতা দিয়ে বেঁধেছি। ছোট উদ্যোগ হলেও এতে গাছ রক্ষা পায়—এটাই বড় বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি নিজেদের জায়গা থেকে একটু সচেতন হই, তাহলে প্রচারণার মাঝেও পরিবেশ রক্ষা করা সম্ভব। উন্নয়ন আর প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই এখন সবচেয়ে জরুরি।’

স্থানীয় শিক্ষক আমিনুল ইসলাম লিটন বলেন, ‘এটি শুধু প্রচারণা নয়, বরং একটি সচেতনতামূলক বার্তা। একজন প্রার্থী যদি এভাবে চিন্তা করেন, তা অবশ্যই প্রশংসনীয় এবং অন্যদের জন্যও অনুকরণীয়।’

স্থানীয় বিএনপি নেতা সামিউল ইসলাম বলেন, ‘ফেস্টুনের নামে গাছের ক্ষতি করা ঠিক নয়। জসিমের এই উদ্যোগ প্রমাণ করে, চাইলে বিকল্প পথ বের করা সম্ভব।’

স্থানীয়দের মতে, ছোট ছোট এমন উদ্যোগই বড় পরিবর্তনের পথ দেখায়। জসিম উদ্দিনের এই ব্যতিক্রমী প্রচারণা ইতোমধ্যেই পরিবেশবান্ধব চিন্তার একটি বাস্তব উদাহরণ হিসেবে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম বলেন, ‘গাছে পেরেক বা তার ব্যবহার করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং সবাইকে এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনী প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close