মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
উল্টো রথে ছাত্রদল
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলকে নিয়ে বিতর্ক যেন কমছেই না। বিশেষ করে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর সংগঠনটির এসব কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, এসব বিতর্ক ও সমালোচনা বন্ধে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও বিষয়টি আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী। যার ফলে ইমেজ সংকটে পড়ছে সরকার ও দল। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত উপেক্ষা করে উল্টো রথে হাঁটছে ছাত্রদল। যা সাম্প্রতিক সময়েও ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় নতুন করে সামনে এসেছে।

অর্ধশত মোটরগাড়ি নিয়ে শোভাযাত্রা, পদ হারালেন ছাত্রদল নেতা : তীব্র জ্বালানি সংকটের মধ্যে অর্ধশত মোটরগাড়ি নিয়ে আগাম নির্বাচনি শোভাযাত্রা করে সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করার দায়ে নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাসুদ রানা গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে গত রোববার বিকেলে মোটর শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রায় অর্ধশতাধিক মোটরগাড়িতে প্রায় ৪০০ নেতা-কর্মী অংশ নেন। গুরুদাসপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ওই ঘটনা কেন্দ্রীয় ছাত্রদলের নজরেও আসে। গতকাল সকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসুদ রানাকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামি রিমান্ডে : ঢাকার শ্যামলীতে কিডনি চিকিৎসক কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলায় যুবদল কর্মী মঈন উদ্দিনের সহযোগী ছাত্রদল কর্মীসহ চারজনকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, রিমান্ডে যাওয়া আসামিরা হলেন ফারুক হোসেন সুমন, লিটন মিয়া, ফালান মিয়া ও মো. রুবেল। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী কাজী আকরামুল হুদা সুমন রিমান্ড আবেদন বাতিল করে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, আসামি মঈন ৫ লাখ টাকা চাঁদার জন্য বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সকাল ৮টার দিকে মঈনসহ অজ্ঞাতনামা ৭–৮ জন শ্যামলী ৩ নম্বর সড়কে বাদীর বাসায় গিয়ে দরজা খুলতে বলে। বাদীর স্ত্রী মাহিনুর দরজা খুলে দিলে মঈন তাকে বলেন যে, চাঁদা বাবদ এখনই তাদের ৫ লাখ টাকা দিতে হবে। নাহলে পরিবারটির ক্ষতি করবেন বলে তিনি হুমকি দেন। এ সময় বাদী বাসার অন্য একটি রুমে অবস্থান নেন।

একপর্যায়ে তারা প্রায় ৫০–৬০ জন লোক জড়ো করে সিকেডি হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খলা ও হট্টগোল করে। তারা উচ্চস্বরে স্লোগান দেয়, গালিগালাজ করে। পুরো ঘটনাটিকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, যার ফলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বাদী শেরেবাংলা নগর থানা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দর-কষাকষির জেরে দোকানিকে ছাত্রদল নেতার মারধর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি দোকানে দর-কষাকষিকে কেন্দ্র করে দোকানি ও কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। গত রোববার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম আবদুল্লাহ আল কাফি। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা কাফি পরিবহন মার্কেটে থাকা ‘হিমেল কম্পিউটার স্টেশনারি’ নামের একটি দোকানে একটি জিডি ও প্রবেশপত্রের আবেদন করার জন্য যান। আবেদনপ্রক্রিয়া শেষে দোকানি ২৮০ টাকা খরচ জানালে কাফি আপত্তি জানিয়ে ২০০ টাকা দিতে চান। এ নিয়ে দর-কষাকষির একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানি কম্পিউটার স্ক্রিন বন্ধ করে দেন এবং তাকে চলে যেতে বলেন। পরে কাফি ও তার কয়েকজন অনুসারী দোকানি ও কর্মচারীর ওপর হামলা চালান এবং দোকানের শাটার বন্ধ করে দেন।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি বলেন, ‘ফটোকপির দাম নিয়ে দোকানি অন্যায্য দাবি করায় আমি সঠিক দামে তা করার জন্য দর-কষাকষি করি। একপর্যায়ে দোকানি আমার কাগজ ছুড়ে ফেলে দেন এবং তার কর্মচারী আমাদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা আমাদের ওপর আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও যদি বাইরের কেউ আমাদের সঙ্গে এমন আচরণ করে, তা খুবই দুঃখজনক।’

ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ : ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার। গতকাল সোমবার সকাল ১১টায় নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার শ্বশুর প্রায় ২২ বছর আগে আফরোজা নিলু নামের এক ব্যক্তির কাছ থেকে ২.৫০ শতাংশ এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও ০.৫৫ শতাংশ জমি ক্রয় করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে উক্ত জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে পার্শ্ববর্তী জমির মালিক এবং তার পরিবারের সদস্যসহ কয়েকজন মিলে বাধা দেন এবং আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করেন।

তিনি অভিযোগ করেন, ওই সময় মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়। পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে জমি মেপে উভয়পক্ষকে নিজ নিজ অংশ বুঝিয়ে দেওয়া হয় এবং ১৪৪ ধারার রায় তাদের পক্ষে আসে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, একতলা ভবন নির্মাণের পরও প্রতিপক্ষ তাদের ভবনের কার্নিশের জমি ও বাউন্ডারি ওয়াল দখল করে রাখে এবং বারবার বলার পরও তা ছাড়েনি। এ ছাড়া ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি, যার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন।

লাবনী আক্তারের অভিযোগ, ২০২৬ সালে দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু করার সময় আবারও বাধা দেওয়া হয় এবং আদালতে পুনরায় ১৪৪ (মামলা নং–৭১/২০২৬ নল) ধারার আবেদন করা হয়। তবে আদালত কাগজপত্র পর্যালোচনা করে তাদের পক্ষে রায় দিয়ে মামলা নিষ্পত্তি করে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, মামলা নিষ্পত্তির পরও প্রতিপক্ষ ও তাদের অনুসারীদের নিয়ে পুনরায় হুমকি প্রদান করছে এবং শাওনের প্রভাব খাটিয়ে জীবননাশের ভয় দেখাচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, যাতে তারা তাদের সাব-কবলা জমিতে নিরাপদে দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন করতে পারেন এবং কথিত দখল ও হুমকি থেকে মুক্তি পান। তিনি একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ব্যবসায়ীকে হেনস্তা ও মারধর, দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক দর্জি ব্যবসায়ীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের মলয় বাজার এলাকায় দর্জির কাজ করেন মো. নাইম। পবিত্র ঈদুল ফিতরের আগে ওই এলাকার এক ক্রেতা তার দোকানে পোশাক সেলাইয়ের জন্য দেন। সেলাই শেষে চলতি বছরের ১৮ মার্চ পোশাক নিতে এসে সেলাইয়ে ত্রুটি হওয়ায় ওই ক্রেতা দর্জি নাইমকে তা ঠিক করে দেওয়ার দাবি জানান। এ সময় নাইম সংশোধন করে দিতে সম্মত হলেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর পরদিন ১৯ মার্চ ওই ক্রেতার পক্ষ নিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান রনি দোকানে এসে ভুক্তভোগী ব্যবসায়ী নাইমকে হেনস্তা করা শুরু করেন। উচ্চবাক্য করেন এবং একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাত্রদল নেতা রনি দোকানের ভেতরে ঢুকে ব্যবসায়ীকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। এ সময় আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

‘অন্তঃসত্ত্বা শ্যালিকা’, স্ত্রীর সংবাদ সম্মেলনের পর পদ খোয়ালেন ছাত্রদল নেতা : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শ্যালিকা তিন মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্তকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় বনপাড়া পৌর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে ইকবাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, শনিবার রাত ৮টায় পৌর শহরে বাবার বাড়িতে সংবাদ সম্মেলন করেন ইকবাল হোসেনের স্ত্রী ফারজানা আক্তার অপি। সেখানে তিনি ইকবাল হোসেনসহ তার স্বজনদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় ছাত্রদল নেতার শ্বশুর ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  উল্টো রথ   ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close