মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      
রাজধানী
ওপেন হাউজ ডে উপলক্ষে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:০৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বসিলা এলাকায় নতুন একটি “মিনি থানা” বা বিশেষ পুলিশ ক্যাম্প চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বিপিএম সেবা।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বসিলা এলাকায় ‘ওপেন হাউজ ডে’ আয়োজন করা হয়। এতে মোহাম্মদপুর ও আশপাশ এলাকার সাধারণ নাগরিক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে এলাকাবাসী সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে নিজেদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, বসিলা ও মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, দখলবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তারা দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। বিশেষ করে সন্ধ্যার পর কিছু এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে যায় বলে অভিযোগ করেন তারা। তাই নতুন পুলিশ ক্যাম্প চালু হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের দাবি জানান।

অনেক বাসিন্দা অভিযোগ করে বলেন, একজন অপরাধী বা কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে ৮ থেকে ১০টি মামলা থাকলেও গ্রেপ্তারের পর অল্প সময়ের মধ্যেই জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে। ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। তারা দ্রুত বিচার ও কঠোর নজরদারির দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত র‍্যাব-২ এর পরিচালক অধিনায়ক খালিদুল হাওলাদার বলেন, “মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।”

তিনি বলেন, “মোহাম্মদপুরে আর কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ মোহাম্মদপুর উপহার দিতে কাজ করছি।” 

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, “সন্ত্রাসের কোনো দল নেই, কোনো রাজনৈতিক পরিচয় নাই। অপরাধ করলে সে অপরাধী এটাই তার পরিচয়।কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এটা যেনো মনে থাকে। আপনারা উদ্দেশ্যমূলকভাবে কাউকে অপরাধী বানাবেন না। যদি তিনি অপরাধ না করে থাকে। নিরপরাধ কাউকে অপরাধী বলে তথ্য দিবেন না—এতে করে আমাদের সদস্যদের চিহ্নিত করতে সমস্যা হয়।”

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বিপিএম সেবা বলেন, “শুধু পুলিশি ব্যবস্থা নয়, সামাজিক সচেতনতাও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে। সন্ধ্যার পর তারা কোথায় যায়, কার সঙ্গে মেশে, কী করে—এসব বিষয়ে খোঁজ নিতে হবে।”

পরিবার থেকে সঠিক দিকনির্দেশনা পেলে অনেক তরুণ অপরাধের পথ থেকে ফিরে আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, “আমাদের এই জীবনই শেষ নয়, মৃত্যুর পরও আরেকটি জীবন রয়েছে এই চিন্তা থেকে সবাইকে ভালো কাজ করতে হবে এবং অন্যায় থেকে বিরত থাকতে হবে।”

কমিশনার স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং সন্ত্রাসীদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “অপরাধীর কোনো দল নেই। সে যে দলেরই হোক, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”

এছাড়া আধুনিক পুলিশিং ব্যবস্থার অংশ হিসেবে বসিলা ও মোহাম্মদপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, গলি ও অপরাধপ্রবণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এতে অপরাধ শনাক্তকরণ, দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে আশা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, নতুন এই বিশেষ পুলিশ ক্যাম্প চালু হওয়ায় বসিলা ও আশপাশ এলাকায় টহল কার্যক্রম জোরদার হবে, অভিযোগ গ্রহণ সহজ হবে এবং অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তারা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে মোহাম্মদপুর-বসিলা এলাকার দীর্ঘদিনের আইনশৃঙ্খলা সমস্যা অনেকটাই কমে আসবে।

‎এ সময় ডিএমপি কমিশনার ছাড়াও, ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম,ডিএমপি যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক আহমেদ, র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হাওলাদার এছাড়াও, ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

কেকে/এজে



মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close