চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাবসহ মানবসেবায় বিশেষ ভূমিকা রাখা ৫৬ ব্যক্তি ও সংগঠন পেয়েছেন হাফেজ্জী সেবা পদক ২০২৬। সেবামূলক সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এই পদক প্রদান করেছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সেনা মালঞ্চে এই পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে, মহাপরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজের পরিচালনায় এবং সহসভাপতি মুহসিন বিন মুঈনের সঞ্চালনায় হাফেজ্জী সেবা পদক প্রদান করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষে পদক গ্রহণ করেন সংগঠনটির সভাপতি সৈয়ব আহমেদ সিয়াম। ক্লাবের উপদেষ্টা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. মোহাম্মদ মোহাম্মদ সরোয়ার হোসেনও সামাজিক মূল্যবোধের কাজের স্বীকৃতি স্বরূপ এই পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমদ যায়েদ মাবরুক, মিশরের ইজিপ্টিয়ান ইয়্যুথ কাউন্সিলের চেয়ারম্যান ও ট্রাস্টি সদস্য ড. মোহাম্মদ মামদুহ, তুরস্কের মারকাজুল বুহুস আলফিকর (IFAM) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. শেখ ইহসান শেনোজাক আফানদি, ফিলিস্তিনি মানবাধিকার ও প্রতিরোধ আন্দোলনের আন্তর্জাতিক মুখপাত্র ফিলিস্তিন ওলামা পরিষদের চেয়ারম্যান ড. নাওয়াফ হাইল তাকরুরী, ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সহ-সভাপতি আল্লামা আব্দুল হামিদ, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।
আয়োজনের বিষয়ে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হক বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য মানুষ তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশের জন্য এবং দেশের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করেন। আমরা তাদের উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, পদক প্রাপ্তির মধ্য দিয়ে এই সকল ব্যক্তি ও সংস্থাগুলো তাদের মানবিক কাজগুলোর বিষয়ে আরও বেশি আগ্রহী হবে।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের দেশে প্রায় ৩৯ লাখ প্রতিবন্ধী রয়েছে, যা দেশের প্রায় ২%। তাদের নিয়ে কাজ করা দরকার।
তিনি উল্লেখ করেন, সমাজে যাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। ধনীরা ঠিকমতো যাকাত দিলে সমাজে যাকাত গ্রহণকারী লোক পাওয়া কঠিন হবে।
তিনি আরও বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ যেভাবে দেশে এবং দেশের বাইরে বিশেষ করে গাজা ও মিশরে কাজ করছে তা প্রশংসনীয়। বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে রক্তদান, জনস্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা ও তারুণ্যের ইতিবাচক বিকাশে কাজ করে আসছে।
কেকে/এলএ