চলতি বছরের শেষের দিকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। নির্বাচন শুরু হলে তা শেষ হতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। এ কারণে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—সবগুলো স্তরের নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও লজিস্টিক প্রস্তুতির বিষয়টি জোরদার করা হচ্ছে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে। যা আমরা আগেও বলেছি, এখনো বলছি। তিনি বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি—তৃণমূলের সবচেয়ে শক্তিশালী একটি প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার পর শেষ হতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। এজন্য কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে।
সরকার কি উপজেলা পরিষদ বিলুপ্ত করতে চায়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। এমপিদের অফিস দেওয়ায় উপজেলাকে খর্ব করা হচ্ছে—বিষয়টি সেরকম নয়। বরং উপজেলা পরিষদ আইনের ধারা ২৫ অনুযায়ী একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবেই আইনগতভাবে রয়েছেন।
হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয়ে উপদেষ্টা বলেন, শিশু মৃত্যুর মতো কোনো উদ্দেশ্য সরকারের ছিল না। তবে এ বিষয়ে তদন্ত প্রয়োজন রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করা হবে।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। এতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের সহায়তা, ফুয়েল পাস চালু, স্টারলিংক ইন্টারনেট সম্প্রসারণ, কৃষি সহায়তা এবং আইন-শৃঙ্খলা জোরদারের অগ্রগতি তুলে ধরা হয়।
বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি : সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষার সুযোগ পৌঁছে দিতে ‘সরকারি উপহার’ হিসেবে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলার ২টি করে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগটি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সরকার ব্যাপক আর্থিক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এখন পর্যন্ত এমআইএসভুক্ত জুলাই যোদ্ধা হিসেবে ১৪,৩৬৯ জন এবং শহীদ হিসেবে ৮৪৪ জনের তথ্য তালিকাভুক্ত করা হয়েছে। শহীদ পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য সরকার বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছে; ইতোমধ্যেই ১৫২ জনকে রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৯২ জন সুস্থ হয়ে দেশে ফিরেছেন।
ফুয়েল পাস বাধ্যতামূলক ও স্টারলিংক সম্প্রসারণ
জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার ‘ফুয়েল পাস’ অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করেছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল এবং ১৮টি স্টেশনে প্রাইভেটকারের জন্য এই অ্যাপের মাধ্যমে জ্বালানি সংগ্রহ করা এখন বাধ্যতামূলক। এ পর্যন্ত ৩ লক্ষাধিক যানবাহন এই সিস্টেমে নিবন্ধিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ জানিয়েছে, মে ২০২৬ পর্যন্ত দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং গত এক সপ্তাহে দেশের কোথাও লোডশেডিং হয়নি।
তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে রেলওয়েতে ‘স্টারলিংক’ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার, ঢাকা-সিলেট এবং ঢাকা-রাজশাহী রুটের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক সংযোগ স্থাপন করা হয়েছে। এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ ৫টি বিমানবন্দর ও ৪টি রেলওয়ে স্টেশনে জনসাধারণের জন্য ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। গ্রামীণ পর্যায়ে নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে টেলিটকের ৪০টি নতুন বিটিএস সাইট চালু করা হয়েছে এবং সারা দেশে উচ্চগতির ইন্টারনেটের জন্য ৩,৮০২টি নতুন সংযোগ প্রদান করা হয়েছে।
পরিবহন ও অবকাঠামো উন্নয়ন : রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সরকার বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক স্কুল বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করা হয়েছে, যা যানজট কমাতে সহায়ক হবে।
রেলপথের আধুনিকায়নে সরকার ২ হাজার ২৮ কোটি টাকা ব্যয়ে পশ্চিমাঞ্চলীয় রেলপথের পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেন ভ্রমণ আরও আরামদায়ক ও দ্রুত হবে। নৌ-পরিবহন খাতে চট্টগ্রাম বন্দর একটি অনন্য রেকর্ড সৃষ্টি করেছে; গত ৩০ এপ্রিল বন্দরে একদিনে সর্বোচ্চ ৫,৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
কৃষি ও বাণিজ্য: সাধারণ মানুষের স্বস্তি : হাওর অঞ্চলের কৃষকদের জন্য সরকার বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। বন্যার ঝুঁকিতে থাকা বা ক্ষতিগ্রস্ত কৃষকদের জনপ্রতি ৭,৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে। বর্তমান বোরো মৌসুমে সিলেট, কিশোরগঞ্জ ও নেত্রকোনা অঞ্চলসহ সাতটি জেলায় লক্ষ্যমাত্রার ৭১.২৬ শতাংশ ধান ইতোমধ্যেই কাটা সম্পন্ন হয়েছে।
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ১ কোটি ৩০ লাখ লিটার পাম অয়েল এবং ২ হাজার মেট্রিক টন ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই পণ্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি’ এবং স্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হবে।
পরিবেশ রক্ষা ও নগর ব্যবস্থাপনা : শব্দদূষণ রোধে কঠোর অবস্থানে রয়েছে পরিবেশ অধিদপ্তর। গত এক সপ্তাহে ১৮টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শব্দদূষণের দায়ে প্রায় ৯৬.৬৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ১৯৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ১২ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে মিরপুরের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) ডিজিটাল পরিচয়পত্র প্রদান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখন পর্যন্ত ২০২ জন হকারকে এই আইডি কার্ড দেওয়া হয়েছে, যাতে তাদের শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হয়।
স্বাস্থ্য খাতের অগ্রগতি ও সতর্কতা : স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যক্ষ্মা নিয়ন্ত্রণে যুক্তরাজ্য থেকে ৬ লাখ ডায়াগনস্টিক কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা নিরোধক ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ বা ১ কোটি ৬১ লাখ শিশুকে টিকা প্রদান করা হয়েছে। বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর আগাম প্রস্তুতি গ্রহণ করেছে।
আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি : গত এক সপ্তাহে সারা দেশে পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ ২০টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ১,৩০০ জনকে গ্রেপ্তার করেছে। র্যাব প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ‘ক্রিস্টাল আইস’ নামক মাদক উদ্ধার করেছে। সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান রোধে বিজিবি ৩৫.৪৩ কোটি টাকা মূল্যের মাদক ও পণ্য জব্দ করেছে।
কারাগারগুলোতে আধুনিকায়ন ও স্বচ্ছতা আনতে সোনালী ব্যাংকের সঙ্গে ‘ক্যাশলেস জেলখানা’ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে বন্দিদের ব্যক্তিগত খরচের টাকা (পিসি ক্যাশ) এখন ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করা যাবে। এ ছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রীড়াঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিসিবির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর ফলে দেশের ১০টি ক্রিকেট স্টেডিয়ামে ৩৭৯ জন প্রশিক্ষিত আনসার সদস্য আধুনিক নিরাপত্তা প্রদান করবেন।
কেকে/এলএ