মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
খোলাকাগজ স্পেশাল
এনসিপির পালে হাওয়া
শিপার মাহমুদ
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:২৬ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ নেতৃত্বের প্রত্যাশাকে সামনে রেখে দিন দিন বৃদ্ধি পাচ্ছে দলটির সাংগঠনিক তৎপরতা। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী প্ল্যাটফর্ম থেকে নেতাকর্মীদের ধারাবাহিক যোগদানে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে দলটি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নেতাকর্মীর যোগদান এনসিপির কার্যক্রমে নতুন গতি তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের প্রায় তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রমতে— সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি করেছে এনসিপি। এর অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, পেশাজীবী মহল ও সামাজিক প্ল্যাটফর্মের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মতবিনিময় করছে দলটি। এনসিপির নেতাদের দাবি, নতুন রাজনৈতিক বিকল্পের প্রত্যাশা থেকেই তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের একটি অংশ দলটির প্রতি আগ্রহ দেখাচ্ছেন।

এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার চট্টগ্রামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যসহ সাত শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, তরুণ সংগঠক ও নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন বলে দলীয় সূত্রে জানানো হয়।

এর আগে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমানও আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। গত মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার যোগদানের ঘোষণা দেওয়া হয়। বর্তমানে তিনি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন তিনি।

একই অনুষ্ঠানে ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরাও এনসিপিতে যোগ দেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় চার হাজার সদস্য এনসিপির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। যদিও তাদের সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। দলটির পক্ষ থেকে জানানো হয়, ওই অনুষ্ঠানে সংগঠনটির অন্তত ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।

এরও আগে বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দেন। তাদের যোগদান দলটির রাজনৈতিক পরিসর সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন— দেশের প্রচলিত দুই ধারার রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে এনসিপি। তরুণ নেতৃত্ব, নতুন রাজনৈতিক বয়ান এবং বিকল্প রাজনীতির বার্তা দিয়ে দলটি সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করছে। যদিও সাংগঠনিক কাঠামো এখনো শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়নি, তবু ধারাবাহিক যোগদান এবং মাঠপর্যায়ের সক্রিয়তা ভবিষ্যতের রাজনীতিতে দলটিকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে দলটির নেতারা বলছেন— দেশের মানুষ দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে একটি নতুন রাজনৈতিক বিকল্প খুঁজছেন। সেই চাহিদা থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপির সঙ্গে যুক্ত হচ্ছেন। তাদের ভাষ্য, ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যাশা থেকেই তরুণ সমাজ, শিক্ষিত নাগরিক এবং বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী দলটির প্রতি আগ্রহ দেখাচ্ছেন।

এ প্রসঙ্গে কথা হলে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূইয়া খোলা কাগজকে বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে এনসিপিতে আনুষ্ঠানিক যোগদান করছেন। এতে দলটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।’

এদিকে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নুর মোহাম্মদও আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন।

খোলা কাগজকে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি এনসিপিতে যোগদানের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। খুব শিগগিরই তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন।

নুর মোহাম্মদ বলেন, তাদের মূল লক্ষ্য এখন তৃণমূল সংগঠনকে ঢেলে সাজানো। ওয়ার্ড থেকে শুরু করে থানা ও মহানগর পর্যন্ত সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  এনসিপি   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close