মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
খোলাকাগজ স্পেশাল
শঙ্কায় শুরু হচ্ছে ঈদযাত্রা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:০২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। তবে ঈদযাত্রায় চরম ভোগান্তি শিকার হতে পারে ঘরমুখো মানুষ। 

মহাসড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে যানজট, পথে পথে কুরবানির পশুর গাড়িতে চাঁদাবাজি এবং ঈদের ঠিক আগমুহূর্তে মহাসড়কের পাশে অস্থায়ী পশুর হাট বসার শঙ্কা থেকে এমন দুর্ভোগ তৈরি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদিও সরকারের পক্ষ থেকে নিরাপদ ঈদযাত্রার আয়োজনের কথা বলা হচ্ছে।

তবে ঈদের সময় ফিটনেসবিহীন বাস রং করে সড়কে চলাচল থামাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে জিরো টলারেন্স নীতি দেখানোর কথা বলছে সরকার।

এদিকে, অপ্রতুল পরিবহন ঈদযাত্রার সবচেয়ে বড় সংকট বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেউ কেউ বলছেন, ঈদযাত্রা উপলক্ষে সুযোগসন্ধানীরা তৎপর রয়েছে। 

এবার পবিত্র ঈদুল আজহার ছুটি সাত দিন হওয়ায় ঘরমুখী মানুষের ভিড় সবচেয়ে বেশি হবে আগামী ২৫ ও ২৬ মে। এ দুই দিন বাস, ট্রেন ও লঞ্চের অগ্রিম টিকিটের চাহিদা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি। তবে সেই ভিড় ঈদুল ফিতরের সময়ের চেয়ে তুলনামূলক কম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

জানা গেছে, ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে যানজটের সম্ভাব্য ৯৪টি গুরুত্বপূর্ণ স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। ঈদের আগে ও পরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে এসব এলাকায় বিশেষ নজরদারি ও মনিটরিং করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঈদের প্রস্তুতি নিয়ে সভার কার্যপত্রে এ তথ্য উঠে এসেছে।

যানজটের জন্য ঝুঁকিপূর্ণ স্পটগুলোর মধ্যে রয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে ৭টি, ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে ২৫টি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭টি, ঢাকা-সিলেট মহাসড়কে ২১টি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫টি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮টি এবং ঢাকা-বরিশাল মহাসড়কে ১টি।

সড়ক বিভাগ বলছে, ঈদযাত্রায় গাজীপুর, আবদুল্লাহপুর, বাইপাইল ও চন্দ্রা এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জপূর্ণ। এসব এলাকায় অতিরিক্ত  যানবাহনের চাপ, অস্থায়ী কাউন্টার ও অনিয়মিত পরিবহন নিয়ন্ত্রণে এবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। 

সূত্র জানায়, এবার বৃষ্টিপাতের সম্ভাবনাও ঈদযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বৃষ্টি হলে যানজট বাড়ে, পুলিশের তৎপরতা ব্যাহত হয় এবং সামগ্রিক ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হবে কুরবানির পশু পরিবহনের বাড়তি চাপ।

সূত্র বলছে, গত ঈদে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছিল পোশাক খাতের (গার্মেন্টস) শ্রমিকদের একই দিনে বাড়ি ফেরাকে কেন্দ্র করে। বিজিএমইএর সঙ্গে তিন ধাপে ছুটি দেওয়ার বিষয়ে আলোচনা হলেও বাস্তবে তা কার্যকর করা যায়নি। ফলে গাজীপুর ও এর আশপাশের এলাকায় এক দিনেই ১০-১৫ লাখ মানুষ ঢাকা ছাড়ার চেষ্টা করে। অনেক যাত্রী বাস কাউন্টারে না গিয়ে সরাসরি সড়কে নেমে  যানবাহনে ওঠার চেষ্টা করায় তীব্র যানজট, দুর্ঘটনার ঝুঁকি ও অতিরিক্ত ভাড়া আদায়ের মতো বিশৃঙ্খলা তৈরি হয়। এবারও ধাপে ধাপে ছুটি দিতে বলা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে সরকারি সাত দিনের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকলেও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন। ফলে সার্বিক বিবেচনায় এবারের ঈদযাত্রা ২৩ মে থেকে শুরু হলেও ২৫ ও ২৬ মে যাত্রীর চাপ বেশি হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

তবে অনেকেই বলছেন, এবার ঈদযাত্রায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধি পাওয়ায় বাড়তি ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা। কারণ ঈদযাত্রায় এমনিতেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ থাকে। এবার তেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া যে হারে বাড়িয়ে সমন্বয় করা হয়েছে, তার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। ঈদযাত্রা শুরু হলে বিষয়টি জটিলভাবে সামনে আসতে পারে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৮ মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদের বিশেষ বাস সার্ভিস শুরু হবে ২১ মে থেকে। ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ২৩ মের টিকিট বিক্রি হয় ওইদিন আর লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত রোববার থেকে। এদিন ২৫ মের টিকিট বিক্রি হয়। সে হিসাবে বাসে ২১ মে থেকে, ট্রেনে ২৩ মে থেকে এবং লঞ্চে ২৫ মে থেকে ঈদযাত্রা শুরু হবে, ঈদের দিন পর্যন্ত এ যাত্রা অব্যাহত থাকবে।

বিভিন্ন বাস ও লঞ্চ কোম্পানি অনলাইন ও কাউন্টার-উভয় মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করলেও ট্রেনের ক্ষেত্রে শতভাগ অনলাইন ও অ্যাপে বিক্রি হচ্ছে। সংশ্লিষ্ট মাধ্যমগুলোর তথ্যমতে, বাস, ট্রেন ও লঞ্চের ২৫ ও ২৬ মের অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি লক্ষ করা গেছে।

শ্যামলী এনআর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, সব রুটের অগ্রিম টিকিট অনলাইন ও কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে। তবে এবার ২৪ মে রাত, ২৫ মে সারা দিন ও ২৬ মে সকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি লক্ষ করছি। ফলে ওই সময়ে যাত্রীর ভিড় থাকবে সর্বোচ্চ।

হানিফ এন্টারপ্রাইজ গতকাল ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ঈদকালীন সড়ক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপের কারণে নির্ধারিত ওঠার স্থান পরিবর্তন করে অন্য কোথাও থেকে বাসে ওঠার চেষ্টা করলে যাত্রীরা নানা জটিলতায় পড়তে পারেন। বিগত বছরগুলোতে এমন পরিস্থিতিতে অনেক যাত্রী নির্ধারিত বাসে উঠতে ব্যর্থ হয়েছেন। নির্ধারিত কাউন্টারে উপস্থিত না থাকলে অনাকাক্সিক্ষত পরিস্থিতির দায় কর্তৃপক্ষ নেবে না।

অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এবার ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস ২৫, ২৬ ও ২৭ মে হবে। তবে ২৬ ও ২৭ মে যাত্রীর চাপ সবচেয়ে বেশি হতে পারে। যাত্রীর চাপের ওপর নির্ভর করে লঞ্চ বাড়ানো-কমানো হবে।

কয়েকজন যাত্রী জানান, অনলাইন ও অফলাইনে ২৫ মের অগ্রিম টিকিট না পেয়ে তারা বাধ্য হয়ে ২৬ মের টিকিট সংগ্রহ করেছেন। তবে এক্ষেত্রে তেলের মূল্যবৃদ্ধির পর সমন্বয় করে বাড়ানো নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিয়েছে বাস কোম্পানিগুলো। তবে ঈদযাত্রা শুরু হলে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি সবার সামনে দৃশ্যমান হবে।

এদিকে আসন্ন ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি এ পরামর্শ দেওয়া হয়।

ঈদযাত্রাকে স্বাভাবিক করতে সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, মহাসড়কের পাশে বা ওপরে কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এবার ফেরিতে বাস ওঠানোর ক্ষেত্রে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, যাত্রীদের বাস থেকে নামিয়ে ফেরিতে ওঠানোর সিদ্ধান্ত হয়েছে। ফেরির পন্টুনেও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু করার পরিকল্পনার কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি।’ 

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ২০-৩১ মে পর্যন্ত বিআরটিএ সদর কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ জন্য ১৯ নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরও ৫০ জন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, দেশের সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি যানজট ও দুর্ঘটনা নিরসনসহ সংশ্লিষ্ট সব সমস্যা চিহ্নিত করবে এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ঈদের সাত দিন আগে ও সাত দিন পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। 

তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করা, পশুর হাট ব্যবস্থাপনা, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত, চাঁদাবাজি প্রতিরোধ এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। 

গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কুরবানির পশুর হাটের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতিবিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শঙ্কা   শুরু   ঈদযাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close