সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
খোলাকাগজ স্পেশাল
প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে বেপরোয়া আরাফাত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:৪৭ এএম আপডেট: ২৪.০৫.২০২৬ ১:৪০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গণঅধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্রঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরাফাত হোসেনের বিরুদ্ধে দলের সাবেক আহ্বায়ক ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নাম ভাঙিয়ে জোরপূর্বক অন্যের ভাড়া নেওয়া জমি ও দোকান দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জানা যায়, রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৩৬ নম্বর প্লটের একটি দোকান ভাড়া নেন আরাফাত হোসেন। দোকান ভাড়া নেওয়ার পর থেকেই তিনি কোনো ধরনের ভাড়া পরিশোধ করেননি। ভাড়া চাইতে গেলে তিনি ‘তার ভাড়া দেওয়া লাগে না’ বলে দাবি করেন। এমন পরিস্থিতিতে তাকে দোকান ছাড়ার নোটিস দিলে তিনি ক্ষিপ্ত হয়ে একদল লোক নিয়ে এসে ওই মালিককে মারধর করে তুলে নেওয়ারও চেষ্টা করেন।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে চলতি মাসের ৩ তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী সুমন দত্ত। তিনি খোলা কাগজকে বলেন, ‘আরাফাত দোকান ভাড়া নেওয়ার পর থেকেই রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যা অন্য ভাড়াটিয়াদের মধ্যেও এক ধরনের ভীতি তৈরি করেছে। সে একটি দোকান ভাড়া নিলেও এখন প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও স্থানীয় বিএনপির নাম ব্যবহার করে পুরো প্লট দখলের চেষ্টা করছে। কিছু বলতে গেলেই হুমকি-ধমকি দেয়। দোকান ছাড়ার নোটিস দেওয়ার পর লোকজন নিয়ে এসে আমাকে মারধর ও তুলে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আইনি সহায়তা চেয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।’

এদিকে খোলা কাগজের হাতে আসা একটি কলরেকর্ডেও আরাফাতকে প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তির কথা উল্লেখ করতে শোনা যায়। অডিওতে ওই প্লট প্রসঙ্গে তার পরিচিত একজনকে বলতে শোনা যায়, ‘আপনি এ প্লটের মালিককে বলেন, আমারে আরও এক বছর সময় দেন, লাগলে আমরাও সাপোর্ট দিব। বাড়িওয়ালার কি ক্ষমতা আছে আমাদের কথা উড়াইয়া দিবে। উনারা এখানে বাড়ি ভুলেও বানাবে না। প্লট খালি করার জন্যই এগুলো করতাছে। এটার জন্য যত ক্ষমতা লাগে আমরা আমাদের জায়গা থেকে দিব। আমাদের কি লোকজন নাই? সবাই তো আমাদের চিনে-জানে। আমি নিজেও রাজনীতি করি, আমার নিজের এখানে দোকান। এই যে প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তার সঙ্গে দল করি। আমি মহানগর উত্তরের সভাপতি। আমারে বুলডোজার দিয়ে উড়াইয়া দিবে এত সোজা?’

কলরেকর্ডে তিনি স্থানীয় প্রশাসনকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘পশ্চিম থানার ওসিরে কেমনে কি করা লাগে, এটা আমরা বুঝব। মহানগরের রাজনীতি করেও পশ্চিম থানার ওসিরে যদি চোখ রাঙাইয়া কথা না কইতে পারি, তাহলে আর রাজনীতি করলাম কিসের জন্য?’

এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘জাহাঙ্গীর ভাইরে বললে পশ্চিম থানার ওসি জীবনেও এখানে আসবে না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরাফাত হোসেন খোলা কাগজকে বলেন, ‘আমি এই প্লটে দোকান নিয়েছি। সে আমার দোকানের মধ্যে বিদ্যুৎ দেয় না। এখানে আমার এক লাখ টাকা অ্যাডভান্স দেওয়া আছে। এখন নতুন করে অ্যাডভান্স দেওয়ার জন্য দাবি করতেছে। আবার যিনি মূল মালিক, উনি বলে গেছেন—প্লট ছেড়ে দেন। তো উনি যদি বিল্ডিং বানায়, তাহলে তো যে কোনো সময় আমাকে সরিয়ে দেবে। তখন আমি কার কাছ থেকে টাকা ফেরত নেব? সুমনের তো কোনো হদিসই নাই। তাকে সাত দিনেও ফোনে পাওয়া যায় না।’

মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে তো ছেলেপেলে সবসময় থাকে। সে তো (সুমন দত্ত) মদের আসর বসায়। মদ, ইয়াবা, গাঁজার আসর। তারাই এসব ঝামেলা করছে।’

কলরেকর্ড সম্পর্কে জানতে চাইলে আরাফাত বলেন, ‘এটা সঠিক নয়। আমি কেন প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সুবিধা নেব কিংবা পুলিশ-প্রশাসনকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করতে যাব। পুলিশের ওসি হোক কিংবা এমপি জাহাঙ্গীর ভাই হোক, উনারা তো লিগ্যালটাই বলবেন। আর তাদেরকে নিয়ে আমি কেন এসব বলতে যাব? এটা বলা অবশ্যই ঠিক না। এ ছাড়া এটা একটি মীমাংসিত ইস্যু।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রতিমন্ত্রী   আরাফাত  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close