মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
খোলাকাগজ স্পেশাল
কক্সবাজারে খুনের আতঙ্ক
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৪৩ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পর্যটন নগরী কক্সবাজারে সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তার, রাজনৈতিক দ্বন্দ্ব ও পারিবারিক বিরোধের জেরে গুলি, সংঘর্ষ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। জেলা সদর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ধারাবাহিক এসব সহিংসতা জনমনে চরম আতঙ্ক তৈরি করেছে। এই ধরনের ক্রমবর্ধমান সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ ও বিভিন্ন মহলের দাবি, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দ্রুত এসব পেশাদার খুনি ও অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিশানা ব্যর্থ হয়ে অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ একজনকে আটক করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া। তার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়। তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মঈন উদ্দিন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে জানতে পেরেছি। তদন্তের জন্য এই মুহূর্তে প্রতিপক্ষের নাম প্রকাশ করতে চাচ্ছি না।’

এর আগে চলতি মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে নৃশংস হত্যাকাণ্ড ও সৈকত থেকে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মনে চরম আতঙ্ক বিরাজ করছে।

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন : গত শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত ছেলে মিনারুল ইসলাম রাসেলের দায়ের কোপে খুন হন বাবা খলিলুর রহমান (৬৫)। শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয় এবং বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ইতঃপূর্বে ওই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা-মা অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের সাজা দিয়েছিলেন। জেল থেকে বের হয়েই সে এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে। ঘটনার পর রাসেলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

খুরুশকুলে জমি বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা : পারিবারিক জমির বিরোধ ও দোকান নির্মাণকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে মোহাম্মদ আরিফ নামের এক যুবকের পেটে ছুরিকাঘাতে খুন হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৩)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

লাবণী পয়েন্ট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার : পর্যটন করপোরেশনের ড্রিংকস কর্নারের একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের ভেতরের মেঝেতে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই নারীর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

এদিকে, বিগত এপ্রিল মাসে একাধিক নৃশংস অপরাধ এবং রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যার পাশাপাশি জেলা সদর ও শহরের আবাসিক হোটেল থেকে খণ্ডিত এবং অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এমন ঘটনা পর্যটন জেলাটির জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

গত ১৩ এপ্রিল জমি ও সীমানা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে মোবিনুল হক (৩৮) নামে এক যুবককে। নিহত মোবিনুল পেশায় একজন পাহারাদার ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয়দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হলেও তা অসমাপ্ত থাকে। পরবর্তীতে মোবিনুল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

গত ১১ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড়ে স্থানীয় বাসিন্দারা মাথা ও হাতের কবজিবিহীন খণ্ডিত এবং অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে লাশটি অজ্ঞাত ও শনাক্তহীন থাকলেও পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহত নারীর নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮)। তিনি মহেশখালী উপজেলার বাসিন্দা এবং তার স্বামীর নাম সাইফুল রহমান। হত্যাকাণ্ডের পর মরদেহ আড়াল করতে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়েছিল বলে ধারণা পুলিশের।

অন্যদিকে, গত ২৯ এপ্রিল কক্সবাজার শহরের এন্ডারসন রোডের ‘হোটেল নিশীথা’র ৪০৮ নম্বর কক্ষের আবাসিক হোটেল থেকে অর্জুন দাশ নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ একজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে কক্ষটি ৩ দিনের জন্য ভাড়া নিয়েছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো সাড়া না পেয়ে এবং কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেওয়া হয়। তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তির সন্ধান ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

কক্সবাজার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের কাছে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কথা না বলে মিডিয়া উইংয়ের সঙ্গে কথা বলার অনুরোধ জানান। কক্সবাজার পুলিশের মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার জানান, গতকালের ঘটনা নিয়ে প্রেস রিলিজ প্রদান করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   খুন   আতঙ্ক   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close