কঠোর নজরদারির মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর লিখিত পরীক্ষা গ্রহণের সময় বিভিন্ন ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করে।
প্রবেশপথে এবং ভেতরের বিভিন্ন স্থানে আর্থিক লেনদেন বা কোনো অনৈতিক কাজে জড়িত না হওয়ার সতর্কবার্তাসংবলিত ব্যানার টাঙানো হয়। প্রবেশপত্র দেখে পরীক্ষার্থীদের মূল ফটকের ভেতরে প্রবেশ করানো হয়। এ সময় তাদের সঙ্গে কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। মূল ফটকে প্রবেশের পর মাঠ পরীক্ষার সময় সংরক্ষিত প্রার্থীদের ছবির সঙ্গে চেহারা মিলিয়ে তাদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয় এবং কেন্দ্রীয়ভাবে পরীক্ষার প্রতিটি স্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি ভিডিও ক্যামেরা ও স্থিরচিত্র ক্যামেরার মাধ্যমে পরীক্ষা গ্রহণের স্থির ও চলমান চিত্র ধারণ করা হয়। বিএএফ শাহীন কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রতিটি হলরুমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের দায়িত্বে নিয়োজিত রাখা হয়।
পরীক্ষা গ্রহণের পর একই দিন খাতা মূল্যায়ন শেষে ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষা গ্রহণের দিন এবং তার আগের দিন জরুরি প্রয়োজন ব্যতীত ফায়ার সার্ভিসের কাউকে ছুটি প্রদান না করার নির্দেশনা জারি করা হয়। নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের নিয়োগ কার্যক্রম চলাকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
নিয়োগ কমিটির সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেনসহ নিয়োগ কমিটির সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সশরীরে উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম. এ. আজাদ আনোয়ার, পিএসসি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেন।
স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে এবং কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা হলো— ফায়ারফাইটার ১৬৫টি, নার্সিং অ্যাটেনডেন্ট ২টি, ড্রাইভার ১৩টি এবং ইঞ্জিন ড্রাইভার ১টি। প্রাথমিক বাছাই শেষে লিখিত পরীক্ষার জন্য ১ হাজার ৮৪২ জন নির্বাচিত হন। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৭৭৩ জন।
কেকে/এলএ