আগামী নির্বাচনে যিনি এলাকায় কাজ করবেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের প্রমাণ দেখাতে পারবেন, তাকে ওয়ার্ড কাউন্সিলর পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অঞ্চল-১’-এর আওতাধীন উত্তরার সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সভায় প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু পদ-পদবি দিয়েই কাউন্সিলরের মনোনয়ন অনুমোদন দিবেন না। পদ-পদবী থাকলে কাউন্সিলর হওয়া যায় না। জনগণের কাছাকাছি যেতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে।’
শফিকুল ইসলাম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের সরকার। তাই জনগণের সেবা আমাদের প্রধান ধর্ম। এলাকায় অনেক সমস্যা রয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ হতে সকল সমস্যার সমাধানের চেষ্টা করছি।’
‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর পর জনগণ ক্ষমতায় বসিয়েছেন এবং তিনি জনগণের সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন এবং আমরা তার অনুসারী হিসেবে কাজ করে যাব।’
প্রশাসক জানান, ঢাকার কিছু কিছু জায়গায় পানির সমস্যা চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা ওয়াসার মাধ্যমে কয়েকটি জায়গায় পানির পাম্প স্থাপনের মাধ্যমে পানির সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং সফল হয়েছি।
শফিকুল ইসলাম বলেন, ‘এখন আর মশার উপদ্রব তেমন দেখা যায় না। এর প্রধান কারণ পরিষ্কারের মাধ্যমে খালের মশার বংশ বিস্তার রোধ করতে পেরেছি। জনগণের সহায়তা নিয়ে খাল পুনরুদ্ধার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ডেঙ্গু মশামুক্ত করব।’
তিনি বলেন, ‘হকারদের নিয়ে আমরা পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছি। হকারদের পুনর্বাসনে আমরা যে জায়গা নির্ধারণ করেছিলাম, সে জায়গায় হকাররা না বসে পুনরায় আবার ফুটপাতে বসছে। এভাবে তো কাজ করা যায় না। পুনর্বাসনে হকার ও জনগণকে সহযোগিতার মাধ্যমে আমরা পরিস্থিতি সমাধান দিতে পারব।’
‘এলাকার রাস্তাঘাট সম্প্রসারণ ও লাইটিং সমস্যায় জনগণের সহায়তা নিয়ে কাজ করতে হবে।’
প্রশাসক কর কমানো নিয়ে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসক জানান, আমরা কর কম নির্ধারণের চেষ্টা করব।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন।
কেকে/এমএ