আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্ধারিত রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার মতে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বর্তমানে কোনো আইনি বাধা নেই।
বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন। তবে রিট আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
গত ১৩ আগস্ট সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সদস্যপদ শূন্য হবে। তবে এ কারণে ভবিষ্যতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তার কোনো অযোগ্যতা তৈরি হবে না।
রিটে বলা হয়, সংবিধানের এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত ও ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকার সীমিত হচ্ছে বলে দাবি করেন রিটকারী।
তবে হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের পথে আপাতত কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
কেকে/সাশ