বয়স ৪১ বছর। তার কাছে বয়সটা যেন একটা সংখ্যা মাত্র। নিজের ক্যারিয়ারের শেষ পথে এসেও রেকর্ডের খাতা যেন এখনও তার জন্যই খোলা। প্রতিদিন নতুন করে রেকর্ড গড়ছেন। এরই মধ্যে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের জার্সি গায়ে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা।
গতকাল শুক্রবার (২১ আগস্ট) সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ৪–০ গোলের জয়ে আল নাসরের হয়ে শেষ গোলটি করেন রোনালদো। ম্যাচের ৬২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ৮৩তম মিনিটেই গোলের দেখা পান তিনি। আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান রোনালদো।
এ গোলের মাধ্যমেই পেছনে ফেলেছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচকে। ১৯৯৯–২০০০ থেকে ২০২২–২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করার রেকর্ড ছিল ইব্রার দখলে। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন রোনালদো।
স্পোর্টিংয়ের হয়ে ২০০২–০৩ মৌসুম লিগে গোলের যাত্রা শুরু হয়েছিল তার। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসরের হয়ে প্রতিটি লিগ মৌসুমেই গোল করেছেন তিনি। চারটি দেশে পাঁচটি ক্লাব বদলালেও থামেনি তার গোলের ধারাবাহিকতা।
শুক্রবার আল রিয়াদের বিপক্ষে করা এ গোলটি রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ বহুল আলোচিত ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ২৩ গোল দূরে তিনি।
রোনালদোর গোলসংখ্যার বড় অংশ এসেছে রিয়াল মাদ্রিদ থেকে ৪৫০টি। ম্যানচেস্টার ইউনাইটেডের দুই অধ্যায়ে তার গোল ১৪৫, জুভেন্টাসে ১০১, স্পোর্টিংয়ে ৫ এবং আল নাসরে ১৩০। পর্তুগাল জাতীয় দলের হয়ে করেছেন ১৪৬ গোল।
২০২৬–২৭ মৌসুমই পেশাদার ফুটবলে শেষ মৌসুম হতে পারে রোনালদোর। সম্প্রতি সাক্ষাৎকারে রোনালদো নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন তার সামনে সবচেয়ে বড় ব্যক্তিগত লক্ষ্য ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক। নতুন মৌসুমের শুরুতেই ৯৭৭ গোলে পৌঁছে সেই দৌড়টাকে আরও রোমাঞ্চকর করে তুললেন সিআরসেভেন।
কেকে/এআই